logo

বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে ৬৪ ডিসিকে কড়া নির্দেশনা

বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে ৬৪ ডিসিকে কড়া নির্দেশনা

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে নতুন করে কঠোর নির্দেশনা জারি করেছে সরকার। দেশের ৬৪ জেলার প্রশাসকদের সাংস্কৃতিক অনুষ্ঠান, বাণিজ্য মেলা ও বিলবোর্ডের আলোকসজ্জা সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) এ সংক্রান্ত নির্দেশনা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) কাছে পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় চলমান ও অনুষ্ঠিতব্য সব মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে।

এর আগে, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারি অফিস সময় এক ঘণ্টা কমানো, দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশসহ বেশ কিছু পদক্ষেপ নেয় সরকার। এসব উদ্যোগের মাধ্যমে প্রতিদিন প্রায় ৩ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর প্রথমে সন্ধ্যা ৬টা এবং পরে সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত কার্যকর করা হয়। এবার একই ধারাবাহিকতায় সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা ও বিলবোর্ডের আলোকসজ্জা নিয়ন্ত্রণে এই নতুন নির্দেশনা দেওয়া হলো।

এর আগে, বিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানেও আলোকসজ্জা কমানোর আহ্বান জানানো হয়েছে।

বিদ্যুৎ বিভাগ থেকে এ সিদ্ধান্ত দেশব্যাপী কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ জানানো হয়। তারই পরিপ্রেক্ষিতে আট বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার জেলা প্রশাসকদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।