আন্তর্জাতিক যুব উৎসবে বাংলাদেশিদের নিয়ে সভা, অংশ নিচ্ছেন অর্ধশতাধিক

রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গে অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইউথ ২০২৬ তথা আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬-এ আমন্ত্রিত বাংলাদেশি অংশগ্রহণকারীদের নিয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) ঢাকায় অবস্থিত রাশিয়ান হাউস এবং বাংলাদেশে আন্তর্জাতিক যুব ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক যুব সহযোগিতা এবং রাশিয়ায় বিদ্যমান নানা সুযোগ-সুবিধায় আগ্রহী যুবসমাজকে একসূত্রে বাঁধতে এই সভার আয়োজন করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাশিয়ান হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, সভায় অংশগ্রহণকারীদের আসন্ন উৎসব সম্পর্কে সার্বিক ধারণা দেওয়া হয়। আগামী ১১ থেকে ১৭ সেপ্টেম্বর যুববিষয়ক রাশিয়ার কেন্দ্রীয় সংস্থা রোজমোদোলেজের উদ্যোগে এবং ওয়ার্ল্ড ইউথ ফেস্টিভ্যাল অধিদপ্তরের আয়োজনে এই ফেস্টিভাল অনুষ্ঠিত হবে।
বিশ্বের ১৯১টি দেশের ১০ হাজারেরও বেশি যুব প্রতিনিধি ফেস্টিভ্যালে অংশ নেবেন। তাদের মধ্যে বাংলাদেশ থেকে অর্ধশতাধিক অংশগ্রহণকারী রয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয় যে, আগের আসরে অংশ নেওয়া বাংলাদেশের প্রতিনিধিরা এই সভায় যোগ দেন এবং আন্তর্জাতিক যুব কর্মসূচিতে অংশ নিতে ইচ্ছুক তরুণদের উদ্দেশ্যে নিজেদের অভিজ্ঞতা, দিকনির্দেশনা ও পরামর্শ বিনিময় করেন করেন।



