প্রবৃদ্ধির হিসাব থাকলেও বৈষম্যের গর্তে ডুবছে মানুষ: সাবেক এনবিআর চেয়ারম্যান

এশিয়া পোস্ট প্রতিবেদক
প্রবৃদ্ধির হিসাব থাকলেও বৈষম্যের গর্তে ডুবছে মানুষ: সাবেক এনবিআর চেয়ারম্যান
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান বদিউর রহমান। ছবি: সংগৃহীত

নদীর গড় পানি হাঁটু পর্যন্ত শুনে পার হতে গিয়ে মানুষ ১০ ফুট গর্তে ডুবে মরার মতো অবস্থায় আছে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান বদিউর রহমান।

Advertisement

সম্প্রতি এশিয়া পোস্টের আলাপন অনুষ্ঠানে এসে দেশের প্রবৃদ্ধি ও বৈষম্য নিয়ে এই রূপকধর্মী মন্তব্য করেছেন তিনি।

বদিউর রহমান বলেন, প্রবৃদ্ধি একটি অর্থনৈতিক হিসাবমাত্র কিন্তু বৈষম্য হলো সম্পদ বণ্টনের মৌলিক প্রশ্ন।

তিনি বলেন, পাকিস্তানের ২২ পরিবারের কথা আমরা বলতাম কিন্তু এখন সেই ২২ পরিবারের মতো কোটি কোটি মানুষের সমান সম্পদ কতটি পরিবারের হাতে কেন্দ্রীভূত হয়েছে তা চিন্তার বাইরে। সম্পদের সুষম বণ্টন না হওয়ায় সমাজে এক ধরনের মারাত্মক ভারসাম্যহীনতা তৈরি হয়েছে।

সাবেক এনবিআর চেয়ারম্যান বলেন, গড় হিসাব দিয়ে সাধারণ মানুষের প্রকৃত অবস্থা বোঝা যায় না। কিছু মানুষের সম্পদ পাহাড়সমান হওয়ায় গড় পরিসংখ্যান ঠিক থাকলেও সাধারণ মানুষ আসলে দরিদ্রই থেকে যাচ্ছে। আন্ডার ইনভয়েসিং ও ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে দেশের অর্থ বিদেশে চলে যাচ্ছে, যা বৈষম্যকে আরও বাড়িয়ে দিচ্ছে।

তিনি আরও বলেন, দৃশ্যমান উন্নয়ন হয়েছে। মানুষ এখন জামাকাপড় ও জুতা পরছে কিন্তু ধনী-দরিদ্রের ব্যবধান আকাশছোঁয়া হয়েছে। রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ফাঁকফোকরের কারণে এই বৈষম্য দূর করা সম্ভব হচ্ছে না। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ও জীবনমান উন্নয়নের দিকে নজর না দিলে প্রবৃদ্ধির হিসাব অর্থহীন হয়ে পড়বে। প্রকৃত উন্নয়নের জন্য প্রতিটি নাগরিকের কাছে সম্পদের সুষম বণ্টন পৌঁছানো নিশ্চিত করতে হবে।