logo

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ফাইল ছবি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

শনিবার (৩০ মে) অ্যাসোসিয়েশনের পক্ষে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধে অসীম সাহস, দেশপ্রেম ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে জাতিকে স্বাধীনতার সংগ্রামে অনুপ্রাণিত করেছিলেন। স্বাধীনতার ঘোষণা, যুদ্ধকালীন বীরত্বপূর্ণ ভূমিকা এবং স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রগঠন ও পুনর্গঠনে তার অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

এতে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্র পরিচালনায় বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, জাতীয়তাবাদী চেতনার বিকাশ, গ্রামীণ উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, স্বনির্ভর অর্থনীতি গঠন এবং জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তিনি দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার কর্মময় জীবন, দেশপ্রেম, সততা ও নেতৃত্বগুণ আজও জাতির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার আদর্শ ও দেশপ্রেমের কর্মধারা থেকে শিক্ষা গ্রহণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।