বিএসএফের হাতে আটক পুলিশ সদস্যদের ফেরাতে আলোচনা চলছে: বিজিবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক আটক হওয়া দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরাতে আলোচনা চলছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বর্তমানে তারা সম্পূর্ণ নিরাপদ ও আনহার্মড (অক্ষত) অবস্থায় রয়েছেন এবং তাদের কোনো প্রকার শারীরিক ক্ষতি হয়নি বলেও বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর পিলখানায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য জানান।
তিনি জানান, দুই পুলিশ সদস্যকে ফেরত আনার ব্যাপারে অফিশিয়াল পর্যায়ে ইতোমধ্যে যোগাযোগ হয়েছে। তাদের হস্তান্তরের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। শিগগিরই তাদের ফেরত আনা হবে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকার পাহাড়, ঘন জঙ্গল ও জটিল ভৌগোলিক বিন্যাসের কারণে পেশাগত দায়িত্ব পালনকালে এ ধরনের ঘটনা ঘটে। এটা অনাকাঙ্ক্ষিত হলেও অস্বাভাবিক নয়।
এর আগে ১৫ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া থানার একটি ডিউটি দল সিএনজিচালিত অটোরিকশাযোগে রাতের দায়িত্ব পালনকালে শশীদল ইউনিয়নের আশা বাড়ি এলাকার ২০৫৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় মাদক উদ্ধারের অভিযানে যাচ্ছিল।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন ডিউটি দলের কনস্টেবল রোহিত দেওয়ান তার পিছু ধাওয়া করেন। এক পর্যায়ে সীমান্ত এলাকায় অবস্থানরত ভারতীয় নাগরিকেরা ওই কনস্টেবলকে আটক করেন।
পরে ডিউটি দলের ইনচার্জ এএসআই ইমরান হোসেন তাকে ছাড়িয়ে আনতে গেলে তাকেও আটক করা হয়। এরপর সেখানে উপস্থিত বিএসএফ সদস্যদের ডাকা হয়। পরে বিএসএফের সদস্যরা দুই পুলিশ সদস্যকে আটক করে।
