বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র

বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী ভিসা সাময়িকভাবে স্থগিতের কারণ ব্যাখ্যা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির তরফ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের করদাতাদের স্বার্থ রক্ষায় অভিবাসীরা যেন অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন বা সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে না পড়েন, তা নিশ্চিত করাই এ সিদ্ধান্তের উদ্দেশ্য।
শনিবার (১১ জুলাই) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুকে দেওয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, চলতি বছরের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করা হয়েছে। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশি নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণমূলক সুবিধা ব্যবহারের হার তুলনামূলক বেশি।
বিবৃতিতে আরও বলা হয়, এই স্থগিতাদেশের মাধ্যমে অভিবাসী ভিসার আবেদন যাচাই-বাছাইয়ের নীতিমালা ও প্রক্রিয়া পর্যালোচনার সুযোগ তৈরি হবে, যাতে তা যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বার্থকে অগ্রাধিকার দেয়।
তবে এ সিদ্ধান্ত কেবল অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসা, যেমন পর্যটক ও শিক্ষার্থী ভিসার ওপর এর কোনো প্রভাব পড়বে না।




