২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানকে ঘিরে দুই ঘণ্টা মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে। এ সময় এই স্টেশনে কোনো ট্রেন থামবে না। ফলে কোনো যাত্রী এই স্টেশনে প্রবেশ কিংবা বের হওয়ার সুযোগ পাবেন না।
বাংলা একাডেমির পক্ষ থেকে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল) পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
এর আগে গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি এ-সংক্রান্ত চিঠি ডিএমটিসিএলকে দেয়।
চিঠিতে বলা হয়, প্রতিবছরের ধারাবাহিকতায় ২৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণ ও তৎসংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ‘অমর একুশে বইমেলা ও অনুষ্ঠানমালা ২০২৬’ অনুষ্ঠিত হবে।
চিঠিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী আগামী ২৬ ফেব্রুয়ারি দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন মর্মে সম্মতি জ্ঞাপন করেছেন। এ পরিপ্রেক্ষিতে উদ্বোধনের দিন মেট্রোর ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত সাময়িক বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।