এক বছরের মধ্যে বদলে যাবে ধানমন্ডি লেক: শাহে আলম

এশিয়া পোস্ট নিউজ
এক বছরের মধ্যে বদলে যাবে ধানমন্ডি লেক: শাহে আলম
ধানমন্ডি লেক। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আগামী এক বছরের মধ্যে ধানমন্ডি লেক বদলে যাবে।

Advertisement

শনিবার (২৭ জুন) হাতিরঝিল এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রাজধানীর বিভিন্ন ঝিল, লেক এবং জলাধার উন্নয়নে সরকার কাজ করছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন লেকগুলো যে অব্যবস্থাপনায় ছিল তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে দফায় দফায় মিটিং হয়েছে। আগামী এক বছরের মধ্যে ধানমন্ডি লেক সুন্দর একটি লেকে পরিবর্তন হবে। এ ছাড়া দীর্ঘ এক মাস ধরে হাতিরঝিল লেকে কাজ চলছে, সেটি আমরা পরিদর্শন ও তদারকি করছি।

তিনি বলেন, ইতোমধ্যে হাতিরঝিলে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, দুইপাশে মাটি ফেলে সুন্দর করা এবং সন্ধ্যার পর কোনো হকার যাতে না আসে, সে জন্যে আনসার মোতায়েনের কথা বলা হচ্ছে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, সরকার ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তবে এডিস মশার লার্ভার উপস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।

এ সময় স্কুলের পরিচ্ছন্নতা বিষয়ে তিনি বলেন, প্রতি শনিবার করে আমাদের উপজেলা লেভেলে সব স্কুল কলেজগুলো পরিষ্কার করা হবে। এটা জাতীয় পর্যায়েও বলা আছে।

বাসযোগ্য দেশ বানাতে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, আমরা বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে চাই না। কিন্তু আমরা বসবাসযোগ্য বানাতে চাই।