logo

গ্রাহকদের সংযত হওয়ার আহ্বান পাম্প মালিক সমিতির

গ্রাহকদের সংযত হওয়ার আহ্বান পাম্প মালিক সমিতির

জ্বালানি ক্রয়ে সাধারণ গ্রাহকদের সংযত হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। একইসঙ্গে প্রয়োজনের অতিরিক্ত তেল না কেনা এবং পাম্পে অযথা ভিড় না করার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (২৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক জরুরি বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল এ আহ্বান জানান।

তিনি জানান, বর্তমানে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সংগ্রহের জন্য যে উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে, তা অনভিপ্রেত।

প্রয়োজনের অতিরিক্ত তেল না কেনা এবং পাম্পে অযথা ভিড় না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমার ৫০ বছরের ব্যবসায়িক জীবনে এমন পরিস্থিতি কখনও দেখিনি। এ অবস্থা সামলাতে সাধারণ গ্রাহকদের অবশ্যই সংযত হতে হবে।

সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল সতর্ক করে বলেন, বারবার অনুরোধ করার পরও যদি গ্রাহকরা সংযত না হন, তবে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ‘কঠিন সিদ্ধান্ত’ নিতে বাধ্য হতে পারে, যা কারো জন্যই মঙ্গলজনক হবে না।

এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশের পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে কালোবাজারিরা মজুত করে জ্বালানি তেলের সংকট সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

মন্ত্রী বলেন, তেলের সরবরাহ আগের মতো থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। বিষয়টি মনিটরিং করছেন দেশের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপাররা (এসপি)।

অপরদিকে দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণে তিন লাখ মেট্রিক টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।