প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের বিশেষ সেবা চালু

বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধানের লক্ষ্যে একটি বিশেষ সেল গঠন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ নামের এই শাখার মাধ্যম প্রবাসী বাংলাদেশিরা সহজে ও দ্রুত তাদের সমস্যার সমাধান করতে পারবেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই সেলের মাধ্যমে প্রবাসীরা তাদের সমস্যা বা অভিযোগ একটি নির্দিষ্ট ইমেইল ঠিকানায় সরাসরি পাঠাতে পারবেন। ইমেইল ঠিকানাটি হচ্ছে : [email protected]।
ইমেইলে প্রাপ্ত অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সমস্যাগ্রস্ত প্রবাসীদের আবেদন বা অভিযোগগুলো দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে সরাসরি মন্ত্রী ও সচিবের কাছে উপস্থাপন করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।