logo

‘হাসপাতালে প্রচুর ছারপোকা, রাতে ঘুমানো যায় না’, স্বাস্থ্যমন্ত্রীকে রোগীদের অভিযোগ

‘হাসপাতালে প্রচুর ছারপোকা, রাতে ঘুমানো যায় না’, স্বাস্থ্যমন্ত্রীকে রোগীদের অভিযোগ

নিয়মিত তদারকির অংশ হিসেবে রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এ সময় চিকিৎসাধীন রোগীরা বেশকিছু অভিযোগ জানিয়েছেন মন্ত্রীকে।

রোগীরা বলেন, হাসপাতালে প্রচুর ছারপোকা এবং রাতে ঘুমানো যায় না। হাসপাতালের পরিবেশ ও খাবারের মান খুবই খারাপ। 

রোববার (৮ মার্চ) সকাল ১০টার দিকে হাসপাতালটি পরিদর্শনে গেলে রোগীরা এসব অভিযোগ জানান। এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতও উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী রোগীদের কাছে সেবা সম্পর্কে জানতে রোগীরা বলেন, হাসপাতালে প্রচুর পরিমাণে ছারপোকা রয়েছে এবং রাতে ঘুমানো যায় না। সেইসঙ্গে তেলাপোকার জন্য কিছু রাখা যায় না। মশার উপদ্রবও রয়েছে, পরিবেশ খুবই খারাপ। 

তারা বলেন, রোগীরা হাসপাতালের খাবার খেতে পারে না। হাসপাতাল থেকে যে খাবার দেয়, তা কোনোভাবেই খাওয়ার মতো না, তাই বাইরে থেকে খাবার কিনতে হয়। 

এ সময় রোগীদের স্বজনরা বলেন, যে অস্বাস্থ্যকর পরিবেশ, তাতে রোগীর সঙ্গে যারা আসেন, তারাও অসুস্থ হয়ে যায়। তেলাপোকা, ছারপোকা খাবার নষ্ট করে দেয়। এ সময় রোগীরা স্বাস্থ্যমন্ত্রীকে রক্তমাখা বেড দেখান, যেখানে রক্তে বেড লাল হয়ে আছে।

এসব সমস্যার বিষয়টি স্বীকার করে হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান স্বাস্থ্যমন্ত্রীকে বলেন, এত তেলাপোকা ও ছারপোকা, আর পারছি না। ব্যর্থতা আছে। ছারপোকা প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু কমছে না।

বিস্মিত স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ছারপোকার পেটভর্তি রক্ত, রোগীরা ঘুমাবে কীভাবে?’

পাশ থেকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত পরিচালককে বলেন, দেড় মাস ধরে ডেঙ্গু সময় যাচ্ছে। আপনি জানেন এবং দেখেন। তবুও এমন কেন? এ সময় স্বাস্থ্যমন্ত্রী রান্নাঘর পরিদর্শন করেন এবং রুটির মেয়াদ আছে কি না, তা-ও দেখেন।