logo

ঈদকে সামনে রেখে জাল টাকা ছড়ানোর পরিকল্পনা, গ্রেপ্তার ৩

ঈদকে সামনে রেখে জাল টাকা ছড়ানোর পরিকল্পনা, গ্রেপ্তার ৩
জাল টাকা চক্রের তিন সদস্য গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

রাজধানী ও গাজীপুরে পৃথক অভিযান চালিয়ে ৩৪ লাখ টাকার জাল নোট এবং জাল টাকা তৈরির বিপুল সরঞ্জামসহ আন্তঃজেলা জাল টাকা চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন পশুর হাট ও বিপণিবিতানে সহযোগীদের মাধ্যমে এসব জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল চক্রটির।

গ্রেপ্তাররা হলেন—মো. মজিবুর রহমান (৩৮), মো. দুলাল মৃধা (৪০) ও মো. মামুন (২৫)।

ডিবি উত্তরা বিভাগ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৩ মে) দুপুরে রাজধানীর উত্তরাপূর্ব থানাধীন সমবায় বাজার (বিডিআর) মার্কেটের সামনে অভিযান চালিয়ে মজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চার লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে মজিবুরের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে দুলাল মৃধা ও মামুনকেও গ্রেপ্তার করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে আরও ৩০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পাশাপাশি জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, তিনটি কালার প্রিন্টার, এক রোল সোনালি রঙের ফয়েল পেপার, ২০০টি সিকিউরিটি ট্যাগ ও জলছাপযুক্ত সাদা কাগজ, একপাশে এক হাজার টাকার প্রিন্ট করা ১০০টি কাগজ, দুই বোতল তরল গাম, একটি কাটার এবং জলছাপ বসানোর দুটি ডাইস জব্দ করা হয়েছে।

ডিবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সক্রিয় আন্তঃজেলা জাল টাকা চক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের কথা স্বীকার করেছেন।

এছাড়া আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন পশুর হাট ও বিপণিবিতানে সহযোগীদের মাধ্যমে এসব জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল চক্রটির।

ডিবি আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় উত্তরাপূর্ব থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।