কুরিয়ারে মাদক পাচার, পার্সেল অফিসে মিলল ১২ হাজার পিস ইয়াবা

এশিয়া পোস্ট নিউজ
কুরিয়ারে মাদক পাচার, পার্সেল অফিসে মিলল ১২ হাজার পিস ইয়াবা

রাজধানীর কেরানীগঞ্জ উপজেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারের সময় ইয়াবার একটি বড় চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, দেশে মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কেরানীগঞ্জে অবস্থিত জননী এক্সপ্রেস পার্সেল সার্ভিসের একটি শাখা ব্যবহার করে ইয়াবা পাচারের চেষ্টা চলছে। তথ্যের সত্যতা যাচাইয়ের পর ঢাকা জেলা কার্যালয়ের একটি দল সেখানে অভিযান চালায়।

অভিযান চলাকালে একটি সন্দেহজনক পার্সেল জব্দ করা হয়। পরে সেটি তল্লাশি করে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিএনসি কর্মকর্তারা জানান, কুরিয়ার সার্ভিসকে কাজে লাগিয়ে সংঘবদ্ধ মাদকচক্র পরিকল্পিতভাবে এ ধরনের পাচার কার্যক্রম চালাচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে।

এ প্রেক্ষাপটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক সংশ্লিষ্ট সকল ইউনিটকে গোয়েন্দা নজরদারি জোরদার এবং কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন।

ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দেশের সর্বস্তরের জনগণকে মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানিয়েছে এবং এ ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে।