নির্বাচনের পরিবেশ বিগত সরকারের আমলের চেয়ে ভালো : প্রেস সচিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ বিগত সরকারের আমলের চেয়ে ভালো বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
প্রেস সচিব বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর এখন পর্যন্ত চারজনের প্রাণহানি হয়েছে। এসব ঘটনা অনাকাঙ্ক্ষিত হলেও নির্বাচনের পরিবেশ বিগত সরকারের আমলের চেয়ে ভালো।
শফিকুল আলম বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো। ২০১৪ সালের আগে নির্বাচনে সহিংসতায় ১১৫ জন নিহত হয়েছেন। সেই হিসেবে নির্বাচনি পরিবেশ ভালো।
এ সময় শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডের ঘটনা সরকার পর্যবেক্ষণ করছে বলে জানান উপ-প্রেস সচিব আজাদ মজুমদার।
তিনি বলেন, এই ঘটনায় জড়িতদের বিভিন্ন ফুটেজ বিশ্লেষণ করে গ্রেপ্তারের কাজ করছে পুলিশ। সেইসঙ্গে নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়েও সরকার সতর্ক রয়েছে।
আজাদ মজুমদার বলেন, শেরপুরে জামায়াত নেতা হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। পরিবার মামলা দায়ের না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। তবে ঢালাও অভিযান না চালিয়ে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত করছে।