বিনামূল্যে মিলবে ফ্যামিলি কার্ড, তথ্য সংগ্রহে দলীয় সম্পৃক্ততা থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

ফ্যামিলি কার্ড প্রদান প্রক্রিয়ায় কোনো ধরনের ফি নেওয়া হবে না এবং তথ্য সংগ্রহের কাজে দলীয় নেতাকর্মীদের সম্পৃক্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, একটি মহল পরিকল্পিতভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। কোথাও কোথাও কার্ড পাইয়ে দেওয়ার নামে অর্থ দাবির অভিযোগ পাওয়া যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, ধর্ম, বর্ণ বা গোত্রভেদে নয়—সব পরিবারকেই সম্পূর্ণ বিনামূল্যে এই কার্ড দেওয়া হবে।
সরকারের লক্ষ্য আগামী চার বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা উল্লেখ করে তিনি বলেন, পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করা হবে। ইতোমধ্যে কর্মসূচি ব্যাহত করতে অপপ্রচার ও অপচেষ্টা চলছে।
কারও কাছ থেকে অর্থ দাবি করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন বা গণমাধ্যমকে অবহিত করার আহ্বান জানান মন্ত্রী।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন—ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম বা কেলেঙ্কারির সুযোগ রাখা যাবে না। অভিযোগের সত্যতা মিললে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, রাজধানীর কড়াইল বস্তি ও ময়মনসিংহসহ কয়েকটি এলাকায় অর্থ দাবির প্রাথমিক তথ্য সরকারের কাছে এসেছে, যা খতিয়ে দেখা হচ্ছে।