logo

ঈদের ফিরতি ট্রেনযাত্রার ২৯ মার্চের টিকিট মিলবে আজ

ঈদের ফিরতি ট্রেনযাত্রার ২৯ মার্চের টিকিট মিলবে আজ

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রির সপ্তম দিনে বৃহস্পতিবার (১৯ মার্চ) দেওয়া হচ্ছে ২৯ মার্চের টিকিট।

আগের মতোই আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় রেখে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমেই দেওয়া হচ্ছে।

এদিন সকাল ৮টা থেকে অনলাইনে বিক্রি শুরু হয় এসব টিকিট। এ সময় পাওয়া যাবে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট। অন্যদিকে দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট।

ঈদ উপলক্ষে বিশেষ ট্রেন পরিচালনার প্রস্তুতি নিয়ে সম্প্রতি রাজধানীর রেল ভবনে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

সূচি অনুযায়ী, ২৩ মার্চের টিকিট বিক্রি হয়েছে ১৩ মার্চ, ২৪ মার্চের ১৪ মার্চ, ২৫ মার্চের ১৫ মার্চ, ২৬ মার্চের ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট বিক্রি হয়েছে ১৭ মার্চ এবং ২৮ মার্চের টিকিট বিক্রি হয়েছে ১৮ মার্চ।

চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির তারিখ নির্ধারণ করা হবে বলেও জানানো হয়েছে।

রেলওয়ের আরেক সিদ্ধান্ত অনুযায়ী, নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাত্রার টিকিট যাত্রা শুরুর আগে সংশ্লিষ্ট স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

এদিকে একজন যাত্রী ঈদযাত্রার জন্য একবারই টিকিট কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি আসন নেওয়ার সুযোগ থাকবে। কেনা টিকিট ফেরতযোগ্য নয় বলেও জানিয়েছে রেলওয়ে।