logo

বিক্ষোভ-অনাস্থার মুখে বাসস থেকে চলে গেলেন প্রধান সম্পাদক

বিক্ষোভ-অনাস্থার মুখে বাসস থেকে চলে গেলেন প্রধান সম্পাদক

সাংবাদিক-কর্মচারীদের বিক্ষোভের পর কার্যালয় থেকে বের হয়ে গেছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ।  তাকে সাংবাদিক-কর্মচারীদের একটি অংশ রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার কার্যালয়ে ‘অবাঞ্ছিতও’ ঘোষণা করে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর পল্টনে বাসস কার্যালয়ে এমডির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের এ ঘটনা ঘটে।

পরে এ বিষয়ে ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারের সময়ে দুই বছরের মেয়াদে দায়িত্ব পাওয়া মাহবুব মোর্শেদ ‘মব তৈরি করে’ তাকে ‘অপসারণের’ জন্য চাপ তৈরির অভিযোগ আনেন।

বাসস সাংবাদিক-কর্মচারী ঐক্য পরিষদ জানায়, নির্বাচনের আগেই তারা সংগঠিত হয়। নির্বাচনের কভারেজ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সেই সময়ে তারা কোনো ধরনের পদক্ষেপে যাননি। নির্বাচন শেষে আজ তারা মিটিং করে সিদ্ধান্ত নেন, মাহবুব মোর্শেদের অধীনে কেউ কাজ করবেন না। সবাই তার প্রতি অনাস্থা জ্ঞাপন করেন। সেই সিদ্ধান্ত তাকে জানানো হয়। সরকারের কাছেও এই সিদ্ধান্ত জানানোর কথা বলা হয়। পরবর্তীতে মাহবুব মোর্শেদ অফিস থেকে বের হয়ে চলে যান। সেই সময় তাকে অফিসের গাড়ি নিতে দেওয়া হয়নি।

এ ঘটনার পর মাহবুব মোর্শেদ বুধবার আর কার্যালয়ে ফেরননি বলে বাসসের সাংবাদিকরা জানান।

তবে ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে মাহবুব মোর্শেদ লিখেছেন, ‘প্রিয় বিএনপি, আপনারা ক্ষমতায় আসছেন, আমি খুশি। আমি অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগে বাসসের এমডি ও প্রধান সম্পাদকের দায়িত্বে আছি। এখন আপনারা আমাকে এই পদে না রাখতে চাইতেই পারেন। চুক্তি বাতিল ও অপসারণের নানা স্বীকৃত পদ্ধতি আছে। সেসব দিকে না গিয়ে অফিসে মব সৃষ্টি করে, হামলা করে, তালা দিয়ে সরাতে চাইছেন কেন?’

এর আগে ২০২৪ সালের আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর কথাসাহিত্যিক ও সাংবাদিক মাহবুব মোর্শেদকে একই বছরের ১৮ আগস্ট দুই বছর মেয়াদে বাসসের এমডি ও প্রধান সম্পাদক নিয়োগ করে অন্তর্বর্তী সরকার। ২০২৬ সালের ১৭ ফেব্রয়ারি এ সরকারের মেয়াদ শেষের পরদিনই এ ঘটনা ঘটল।