logo
Advertisement

স্বপ্নের ডাটাবেজ হ্যাক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস

স্বপ্নের ডাটাবেজ হ্যাক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস
স্বপ্নের লোগো ও ডাটা ফাঁসের তথ্য। ছবি: সংগৃহীত

দেশের অন্যতম জনপ্রিয় সুপারশপ ‘স্বপ্ন’-এর একটি বিশাল ডাটাবেজ হ্যাক হয়ে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। ইতোমধ্যে এ তথ্যের কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে শুরু করেছে।

Advertisement

লিক হওয়া ডাটাবেজে লাখো ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য রয়েছে। যদিও এখন পর্যন্ত ঠিক কতজন ব্যবহারকারী এ ঘটনার শিকার হয়েছেন, তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে তথ্যের পরিমাণ ও ধরন বিবেচনায় ধারণা করা হচ্ছে এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ডাটা ব্রিচ হতে পারে।

প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দেখা গেছে, ঢাকা, গাজীপুর, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, বরিশাল, কুমিল্লা, খুলনা, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, যশোর, কিশোরগঞ্জ, নরসিংদী, কুষ্টিয়া, ফেনী, জামালপুর, মানিকগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। যেখানে ব্যবহারকারীদের নাম, মোবাইল নম্বর, কোন তারিখে কী পণ্য কেনাকাটা করেছে সেটি দেখা যাচ্ছে।

ডাটাবেজ লিক হওয়ার কারণে ব্যবহারকারীরা নানা ধরনের সাইবার ঝুঁকির মুখে পড়তে পারেন। এর মধ্যে রয়েছে ফিশিং কল বা ভুয়া মেসেজের মাধ্যমে প্রতারণা, ইমেইল হ্যাকিং, স্প্যাম আক্রমণ, পরিচয় চুরি (আইডেন্টিটি থেফট) এবং আর্থিক জালিয়াতি।

ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের ছবি

বিশেষ করে, যেসব ব্যবহারকারী অনলাইন শপিং বা ডিজিটাল পেমেন্টে এই প্ল্যাটফর্ম ব্যবহার করেন, তাদের জন্য ঝুঁকি আরও বেশি।

এ বিষয়ে স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাব্বির হাসান নাসির এশিয়া পোস্টকে বলেন, এ ঘটনাটি আমরা অবগত আছি। এটি গত বছর একটি হ্যাকার চক্র আমাদের কাছে ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়েছে দাবি করে ১৫ লাখ ডলার যা বাংলাদেশের হিসেবে ১৮ কোটি টাকা (১২০ টাকা ডলার ধরে) চেয়েছিল। তখন আমরা এটাকে পাত্তা দেইনি। কিন্তু গতকাল শুক্রবার (২৭ মার্চ) দেখলাম ডার্ক ওয়েবে কিছু ব্যবহারকারীর তথ্য ফাঁস করা হয়েছে। এ বিষয়ে আমরা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাহায্য চেয়েছি।

এ ঘটনায় তেজগাঁও থানায় মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এশিয়া পোস্টকে বলেন, স্বপ্নের সাইবার সংক্রান্ত বিষয় অফিশিয়ালি এখনো আমাদের জানানো হয়নি। তবে এমন জনসম্পৃক্ত ঘটনা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। অভিযোগ দায়ের করা হলে ঘটনা খতিয়ে দেখা হবে।

বর্তমানে দেশের ৬৩টি জেলায় ৮১২টি আউটলেট রয়েছে স্বপ্ন’র। প্রতিষ্ঠানটির নিবন্ধিত গ্রাহক সংখ্যা ৪০ লাখের বেশি।