নির্বাচনি ব্যয়ের হিসাব দিতে বিএনপিসহ ২৩ দলকে ইসির চিঠি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্যয়ের হিসাব দিতে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ২৩ দলকে সময় বেঁধে দিয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১৯ মে) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, নির্বাচনি ব্যয়ের হিসাব যেসব দল জমা দেয়নি, তাদেরকে আগামী ১৩ জুন পর্যন্ত সময় দিয়ে চিঠি দেওয়া হয়েছে।
যেসব দলগুলোকে চিঠি দেওয়া হয়েছে—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), গণতন্ত্রী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণফোরাম, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণফ্রন্ট, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি), ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, আমজনতার দল, বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি) ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৫০টি দল অংশ নেয়। ভোটের ফলাফল গত ১৩ ফেব্রুয়ারি রাতে প্রকাশ হয়। নির্বাচনি আইন অনুযায়ী, ভোটের ফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে দলের ব্যয় বিবরণী জমার বাধ্যবাধকতা রয়েছে, সে হিসেবে ১৩ মে নির্বাচনি ব্যয় বিবরণী জমা দেওয়ার শেষ সময় ছিল।
নির্ধারিত সময়ে বিরোধী দল জামায়াতে ইসলামীসহ ব্যয়ের হিসাব জমা দিয়েছে ২৭টি দল।



