logo
Advertisement

নির্বাচনে প্রার্থীর দলীয় সমর্থন থাকলেও জাতীয় প্রতীক থাকছে না: মীর শাহে আলম

এশিয়া পোস্ট প্রতিবেদক
নির্বাচনে প্রার্থীর দলীয় সমর্থন থাকলেও জাতীয় প্রতীক থাকছে না: মীর শাহে আলম
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে ২৯ আগস্ট সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: এশিয়া পোস্ট

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন ও জাতীয় প্রতীকে নির্বাচনের বিধান আমরা বিলুপ্ত করেছি। এখন এই পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন হবে সাধারণ প্রতীকে এবং নির্দলীয়ভাবে। তবে রাজনৈতিক দলগুলো যে কোনো প্রার্থীকে সমর্থন দিতে পারবে।

Advertisement

শনিবার (২৯ আগস্ট) দুপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি

মীর শাহে আলম বলেন, আগে যে দলীয়ভাবে মনোনয়ন দেওয়ার বিধান ছিল এবং জাতীয় প্রতীকে নির্বাচনের যে বিধান ছিল, সেগুলো আমরা বিলুপ্ত করেছি। এখন এই পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন হবে সাধারণ প্রতীকে ও নির্দলীয়ভাবে। তবে রাজনৈতিক দলগুলো অবশ্যই তাদের রাজনীতি ঠিক রাখতে যে কোনো প্রার্থীকে সমর্থন দিতে পারবে।

তিনি বলেন, ইতিমধ্যে জেলা পর্যায়ের নেতাদের বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যেক সপ্তাহের শুক্রবার এবং শনিবার গুলশান অফিসে জেলাভিত্তিক ডেকে মিটিং করছেন। সেখানে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অন্যান্য বিষয়ের সঙ্গে কিছু দিকনির্দেশনাও দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, স্থানীয়ভাবে উপজেলা বিএনপি ও জেলা বিএনপি ঠিক করবে ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সমর্থন কাকে দেওয়া হবে। একইসঙ্গে ঠিক করবে পৌরসভাতে, সিটি কর্পোরেশনে, জেলা পরিষদে এবং উপজেলাতে সমর্থন কাকে দেওয়া হবে।

ত্যাগীদের মূল্যায়নের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সমর্থনের বিচারে অগ্রাধিকার পাবে ওই সমস্ত প্রার্থী বিগত ১৭ বছর যাদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে লড়াই-সংগ্রাম করার অভিজ্ঞতা রয়েছে, মাঠে ছিল, মামলা খেয়েছে, হয়রানি হয়েছে এবং সাধারণ মানুষের ভোটে জিতে আসবার অভিজ্ঞতা রয়েছে। এ ধরনের প্রার্থীকে সমর্থন দেওয়ার ব্যাপারে দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া আছে।

তিনি আরও বলেন, নির্বাচনের ক্ষেত্রে আন্দোলনে আপনার যথেষ্ট অভিজ্ঞতা আছে, ১৭ বছর লড়াই-সংগ্রামে আপনার অভিজ্ঞতা আছে, কিন্তু নির্বাচনের মাঠের অভিজ্ঞতাটা আপনার খুবই কম সেই ক্ষেত্রে এ ধরনের প্রার্থীকে আমরা অন্য জায়গায় অ্যাকোমোডেট করব, সমর্থন হয়তো দেব না। আবার ভোটের মাঠে আপনার অভিজ্ঞতা আছে কিন্তু ১৭ বছর আপনাকে খুঁজে পাওয়া যায়নি এ ধরনের প্রার্থীকেও সমর্থন না দেওয়ার ব্যাপারে কেন্দ্রীয় বিএনপি থেকে একটা দিকনির্দেশনা দেওয়া আছে।