উপজেলা ভিত্তিক একযোগেই ইউনিয়ন পরিষদ ভোট: ইসি সচিব

একই উপজেলার সবকটি ইউনিয়ন পরিষদে একযোগে নির্বাচন আয়োজনের চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আলাদাভাবে না করে উপজেলা ধরে প্রতিটি ইউনিয়নে এক সঙ্গে ভোট গ্রহণ সম্পন্ন করা হবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য জানান।
স্থানীয় সরকার নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা ও পাস কার্ড ইস্যুর বিষয়ে সচিব বলেন, সাংবাদিকদের কার্ড ইস্যু সংক্রান্ত বিষয়ে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে একটি কমিটি সুপারিশ বা প্রস্তাবনা জমা দেবে। তাদের রিপোর্টের ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে নির্বাচন কমিশন।
নির্বাচনী প্রচারণায় পরিবর্তন আনার ইঙ্গিত দিয়ে তিনি স্পষ্ট জানান, এবারের নির্বাচনে সনাতন পদ্ধতির পোস্টার ব্যবহারের সুযোগ থাকছে না।
তবে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল কবে ঘোষণা করা হবে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য না থাকলেও ভোটগ্রহণ যে একাধিক ধাপে অনুষ্ঠিত হবে, তা নিশ্চিত করেছেন তিনি। তার মতে, নির্বাচন ৩, ৫ কিংবা ৯টি ধাপে সম্পন্ন হতে পারে।
এছাড়া, শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফশিল চলতি সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানান ইসি সচিব।


