নারী ক্ষমতায়নে প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার, বিশেষ অতিথি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। সেমিনারে সভাপতিত্ব করেন যুগ্ম পুলিশ কমিশনার (ট্রান্সপোর্ট) সামসুন নাহার।
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে। দিবসটি নারীর অধিকার, মর্যাদা ও সমতার প্রশ্নে দীর্ঘদিনের সংগ্রামকে স্মরণ করার পাশাপাশি একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার প্রত্যয়ের বার্তা বহন করে।
অনুষ্ঠানে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেন, ডিএমপিতে কর্মরত নারী পুলিশ সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মদক্ষতা বৃদ্ধি করা হচ্ছে। এর মাধ্যমে তারা নিজ নিজ কর্মক্ষেত্রে আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন এবং নারী ক্ষমতায়নের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।
অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বলেন, সৃষ্টিকর্তা নারী ও পুরুষকে একে অপরের পরিপূরক হিসেবে সৃষ্টি করেছেন। মানবজাতির অস্তিত্ব ও সমাজের অগ্রগতিতে নারীর অবদান অপরিসীম। জীবনের প্রতিটি ক্ষেত্রেই নারীর সক্রিয় অংশগ্রহণ রয়েছে।
অনুষ্ঠানে ডিএমপির বিভিন্ন ইউনিটের যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।