logo
Advertisement

ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠক। ছবি: মন্ত্রণালয় সূত্রে পাওয়া

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাইকেল মিলার। এ সময় তিনি দায়িত্ব গ্রহণের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে উষ্ণ অভিনন্দন জানান।

সাক্ষাতে উভয় পক্ষ দীর্ঘদিনের পারস্পরিক অংশীদারত্বে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে বহুমাত্রিক এই সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইইউকে বাংলাদেশের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উল্লেখ করে সংস্থাটির প্রতি বাংলাদেশের কৃতজ্ঞতা জানান। তিনি বহুপাক্ষিকতাবাদ, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণে ইইউর গঠনমূলক সম্পৃক্ততারও প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিশেষ করে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের কার্যক্রম এবং চলমান সংস্কার প্রক্রিয়ায় সংস্থাটির সহযোগিতার কথা তিনি উল্লেখ করেন।

বৈঠকে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন (ইউএনজিএ) নিয়েও মতবিনিময় করেন তারা। অধিবেশনের সাইডলাইনে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন উভয় পক্ষ।

বৈঠকে অভিবাসন ব্যবস্থাপনা, বিমান চলাচল খাত এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ইইউর অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পাশাপাশি আসন্ন ইউএনজিএর সাইডলাইনে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করে বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বের সঙ্গে তুলে ধরার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।