প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করব: মাহদী আমিন

এশিয়া পোস্ট প্রতিবেদক
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করব: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে নতুন করে গড়ে তোলা হবে।

বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে প্রধানমন্ত্রী দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

মাহদী আমিন বলেন, বিভিন্ন প্রাকৃতিক প্রতিকূলতা উপেক্ষা করে দেশের সাতটি জেলা থেকে সাধারণ শিক্ষার্থীরা এখানে ছুটে এসেছে। এই ছোট ছোট শিক্ষার্থীদের মনে প্রধানমন্ত্রীর প্রতি যে আবেগ, উচ্ছ্বাস ও ভালোবাসা দেখা যাচ্ছে- তাতেই প্রমাণিত হয় একজন জননেতা রাষ্ট্র পরিচালনায় এলে কীভাবে দেশের মানুষের ভাগ্য বদলে যেতে পারে।

‘আমরা ইনশাআল্লাহ প্রধানমন্ত্রীর সেই রূপকল্প বাস্তবায়নে কাঁধে কাঁধ মিলিয়ে এবং তার হাতকে শক্তিশালী করে বাংলাদেশের বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে গড়ে তুলব। সবাই মিলে এমন একটি শিক্ষাব্যবস্থা বিনির্মাণ করব, যেখানে শিক্ষার্থীরাই হবে আগামী দিনের বাংলাদেশ গড়ার মূল কারিগর ও অগ্রদূত।’ যোগ করেন তিনি।

প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা আরও বলেন, আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা চাই, যেখানে আমাদের শিক্ষার্থীরা সব ধরনের প্রতিকূলতা, প্রতিবন্ধকতা ও বিরূপ পরিস্থিতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তারাই প্রমাণ করবে যে আগামী বাংলাদেশের কাণ্ডারি তারাই। প্রধানমন্ত্রী যে সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, তা এই শিক্ষার্থীদের হাত ধরেই বাস্তবায়িত হবে।

শিক্ষার্থীদের সহায়তার আশ্বাস দিয়ে মাহদী আমিন বলেন, আগামী দিনে যারা বাংলাদেশের নেতৃত্ব দেবে, সেই শিক্ষার্থীদের যার যে বিষয়ে পড়তে ভালো লাগে বা যে ক্ষেত্রে নিজের মেধা বিকাশের ইচ্ছা থাকে- রাষ্ট্র ও সরকারের পক্ষ থেকে তাকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে।

তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাবনার আলোকে আমরা চাই শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রণালয়ের সমন্বয়ে সারা বছরজুড়ে দেশব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হোক। এসব প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভাবান ও সৃজনশীল শিক্ষার্থীরা উঠে আসবে এবং রাষ্ট্রীয়ভাবে মূল্যায়িত হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।