বেআইনি প্রস্তাবে আইন তুলে ধরুন, প্রয়োজনে ‘না’ বলতে শিখুন

দুর্নীতিবাজদের মন্ত্রণালয়ে আশ্রয় হবে না বলে সতর্ক করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন।
রোববার (১ মার্চ) সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তরের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
গণপূর্তমন্ত্রী বলেন, জনগণের করের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়নকাজ সম্পন্ন করতে হবে। দায়িত্ব পালনে কোনো গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের শাস্তির মুখোমুখি হতে হবে।
গণপূর্ত অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং নগর উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আজকের মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ও সচিব মো. নজরুল ইসলাম।
কর্মকর্তাদের উদ্দেশে পূর্তমন্ত্রী বলেন, দায়িত্ব পালনকালে কোনো রাজনৈতিক চাপ এলে তা আমরা সামাল দেব। আপনারা দেশের প্রচলিত আইনের মধ্য থেকে দায়িত্ব পালন করবেন। বেআইনি বিষয়ে স্পষ্টভাবে আইন তুলে ধরবেন এবং প্রয়োজনে ‘না’ বলতে শিখবেন। নির্ভয়ে ও সততার সঙ্গে কাজ করবেন।
মধ্যম ও নিম্ন আয়ের মানুষের জন্য ঢাকায় আবাসনের বিষয় উল্লেখ করে পূর্তমন্ত্রী বলেন, আমরা সবাই মিলে দেশের কল্যাণে গঠনমূলক চিন্তা ও কার্যকর উদ্যোগ নিলে তাদের জীবনমান উন্নত হবে।
কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মঞ্জুর বলেন, আপনারা নির্ভয়ে দায়িত্ব পালন করবেন। অতীতের চিন্তা পরিহার করে আগামীর বাংলাদেশ গড়তে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। কাজ না করে জনগণের কষ্টার্জিত ট্যাক্সের টাকা লুটপাট করার কোনো সুযোগ নেই। দুর্নীতি ও স্বজনপ্রীতির বিষয়ে আমাদের সরকারের অবস্থান স্পষ্ট, জিরো টলারেন্স।
সভায় আরও উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসি বেগম, প্রধান স্থপতি মো. আসিফুর রহমান ভূঁইয়া এবং নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক এম মাহমুদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।