দিল্লিতে ভিসা কার্যক্রম চালু করেছে বাংলাদেশ হাইকমিশন

প্রায় দুই মাস পর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবারও ভিসা সেবা চালু হয়েছে। ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দ্বিপক্ষীয় কূটনেতিক সম্পর্কের অবনতির মধ্যে গেল ডিসেম্বরে দুই দেশই ভিসা কার্যক্রম বন্ধ রাখে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিল্লিতে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের ভিসা দেওয়া শুরু হয় বলে ইন্ডিয়া টুডের সংবাদে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল থেকে ভারতীয়দের জন্য সব ধরনের ভিসা পরিসেবা শুরু হয়। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার তিন দিনের মাথায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে এ অগ্রগতি ঘটল।
এদিকে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভারতের তরফে জানানো হয়, তারা ‘শিগগিরই’ বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম চালু করবে।
নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের মধ্যে দিয়ে দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ ফল আসার আগে ১৩ ফেব্রুয়ারি সকালে তারেক রহমানকে এক বিবৃতিতে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এরপর পূর্ণাঙ্গ ফল ঘোষণার পর বিকালে তারেকের সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি। ওই ফোনালাপে তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি তার কাজে সমর্থন দেওয়ার কথা বলেন।