logo

সংসদে রাষ্ট্রপতি প্রবেশ করতেই ‘জুলাইয়ের গাদ্দার’ প্ল্যাকার্ড প্রদর্শন

সংসদে রাষ্ট্রপতি প্রবেশ করতেই ‘জুলাইয়ের গাদ্দার’ প্ল্যাকার্ড প্রদর্শন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের অধিবেশন কক্ষে প্রবেশ করার পরপরই বিরোধী দল জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানায়। তাদের হাতে প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডে ‘জুলাইয়ের গাদ্দার’, ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর’ লেখা সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। 

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সংসদ অধিবেশন শুরু হওয়ার পর রাষ্ট্রপতি যখন তার নির্ধারিত ভাষণ দিতে ডায়াসের দিকে এগোচ্ছিলেন, তখনই এই ঘটনা ঘটে।

বিকেল সাড়ে ৩টার পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানালে বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানান। এ সময় হাতে প্ল্যাকার্ড নিয়ে বিরোধী দলের এমপিরা বিভিন্ন স্লোগান দেন। 

স্লোগানের মধ্যে রয়েছে, 'কিলার চুপ্পু, বয়কট, বয়কট', 'গেট গেট, গেট আউট', 'কিলার চুপ্পু গ্রেটআউট' স্বৈরাচারের দোসরেরা হুঁশিয়ার সাবধান'।

এ অবস্থার মধ্যে সংসদের অধিবেশনে প্রবেশ করেন রাষ্ট্রপতি। তিনি স্পিকারের পাশে বসেন। সংসদে হইচই করতে থাকেন বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা। স্পিকার এ সময় সবাইকে শান্ত থাকতে আহ্বান জানান বারবার। পরে বক্তব্য শুরু করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার বক্তব্য চলাকালে প্রধানমন্ত্রী ও বিএনপির সংসদ সদস্যদের টেবিল চাপড়াতে দেখা যায়। পরে একপর্যায়ে বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াক আউট করেন।