logo

বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক: অর্থমন্ত্রী

বাসস
বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: বাসস

বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা এখন নতুন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার মতে, বৈশ্বিক প্রবৃদ্ধির গতি কমে যাওয়া, ঋণের উচ্চ ব্যয় ও বাণিজ্যিক সংরক্ষণবাদের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্যনির্ভর ও সঠিক নীতি গ্রহণই অর্থনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।

শনিবার (৩ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অর্থনীতি বিভাগের সহযোগিতায় এবং জুনিয়র ইকোনমিস্টস ফোরামের (জেইএফ) উদ্যোগে আয়োজিত ‘ইকনথন ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনালের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, নীতি প্রণয়নে বাস্তবভিত্তিক সমাধান এবং তথ্যের যথাযথ ব্যবহার অত্যন্ত জরুরি। অর্থ মন্ত্রণালয়কে প্রতিনিয়ত নানা অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলা করতে হয়। অনেক সময় সীমিত তথ্যের ওপর ভিত্তি করেই এসব পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে হয়।

‘ইকনথন ২০২৬’-এ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২২৪টি দল নিবন্ধন করে। কুইজ, কেস সলভিং ও নীতি প্রণয়নভিত্তিক প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে চূড়ান্ত পর্বে ওঠা শিক্ষার্থীদের প্রশংসা করেন আমির খসরু।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, জ্বালানির দাম, বৈদেশিক মুদ্রার ওপর চাপ, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও মূল্যস্ফীতি মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি করছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখার পাশাপাশি কর ব্যবস্থার আধুনিকায়ন জরুরি।

জনগণের করের প্রতিটি টাকার স্বচ্ছতা এবং কার্যকর ব্যবহার নিশ্চিত করাকে সরকারের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন অর্থমন্ত্রী।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দক্ষতা ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। তবে সততা ও মানবিকতা ছাড়া সেই দক্ষতা সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারে না।

অর্থনীতি শুধু পরীক্ষায় ভালো ফল করার বিষয় নয় উল্লেখ করে আমির খসরু বলেন, অর্থনীতিকে বুঝতে হবে এবং নীতি ও সততার সঙ্গে দেশের সেবায় কাজ করতে হবে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা। বিশেষ অতিথি ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ইউনাইটেড গ্রুপের উপদেষ্টা কে এম এ শামীম।

ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের সমাপনী পর্বে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী।