গুজব ছড়িয়ে আইন হাতে তুলে নেওয়া গ্রহণযোগ্য নয়: পুলিশ এসোসিয়েশন

এশিয়া পোস্ট প্রতিবেদক
গুজব ছড়িয়ে আইন হাতে তুলে নেওয়া গ্রহণযোগ্য নয়: পুলিশ এসোসিয়েশন
বাংলাদেশ পুলিশ এসেোশিয়েশনের লোগো। ছবি: সংগৃহীত

বরিশালের আগৈলঝাড়া থানায় গুজবকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন। সংগঠনটি বলেছে, প্রকৃত ঘটনা উদ্ঘাটনের আগেই গুজব ছড়িয়ে থানায় হামলা, সরকারি সম্পদ ভাঙচুর এবং পুলিশ সদস্যদের ওপর আক্রমণ আইনের শাসন ও জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।

বৃহস্পতিবার (৯ জুলাই) সংগঠনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ৮ জুলাই সন্ধ্যায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের বাসিন্দা রিয়াজ ফকির (২৬) নামে চুরি মামলার এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে একটি মাদক মামলাও রয়েছে বলে উল্লেখ করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, থানার হাজতে থাকা অবস্থায় মাদকের প্রভাবে তিনি নিজের মাথায় আঘাত করে আহত হন। পরে তাকে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, পরদিন রিয়াজ ফকিরের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে একদল উত্তেজিত ব্যক্তি প্রকৃত তথ্য যাচাই না করেই আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুর চালায় এবং দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করে।

বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের দাবি, কোনো ব্যক্তি পুলিশের হেফাজতে অসুস্থ, আহত বা মৃত্যুর অভিযোগ উঠলে তা তদন্তের জন্য দেশের প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা রয়েছে। কিন্তু গুজবের ভিত্তিতে আইন নিজের হাতে তুলে নেওয়া, সরকারি প্রতিষ্ঠানে হামলা ও সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সংগঠনটি আশঙ্কা প্রকাশ করে বলেছে, এ ধরনের সংঘবদ্ধ হামলা, গুজবনির্ভর উসকানি এবং পুলিশের মনোবল দুর্বল করার অপচেষ্টার পেছনে কোনো স্বার্থান্বেষী মহল বা পরিকল্পিত উদ্দেশ্য থাকতে পারে। তাই ঘটনার প্রকৃত কারণ, গুজবের উৎস এবং হামলার পেছনে সংগঠিত কোনো উসকানি ছিল কি না, তা নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, গুজব ছড়ানো ও সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক প্রচারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

একই সঙ্গে দেশের নাগরিকদের প্রতি যাচাইবিহীন তথ্য বা গুজবে বিভ্রান্ত না হয়ে আইনকে শ্রদ্ধা করা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করা এবং যে কোনো অভিযোগের ক্ষেত্রে আইনসম্মত ও শান্তিপূর্ণ পথ অনুসরণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন।

বিবৃতির শেষাংশে সংগঠনটি জানায়, রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশ অতীতের মতো ভবিষ্যতেও পেশাদারিত্ব, সংযম ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।