ঢাকার আকাশে ফ্লাইট বিপর্যয়, যাত্রীদের দুর্ভোগ

এশিয়া পোস্ট প্রতিবেদক
ঢাকার আকাশে ফ্লাইট বিপর্যয়, যাত্রীদের দুর্ভোগ
ফাইল ছবি

বৈরী আবহাওয়ার কারণে ঢাকার আকাশে ফ্লাইট বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে অন্তত দুটি আন্তর্জাতিক ফ্লাইট বিকল্প বিমানবন্দরে অবতরণ করেছে।

একই সঙ্গে আগমন ও প্রস্থানের অর্ধশতাধিক ফ্লাইট নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বিত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

রোববার (১২ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় অবতরণ সম্ভব না হওয়ায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামানো হয়। অন্যদিকে চীনের গুয়াংজু থেকে আসা চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইট কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ডাইভার্ট করা হয়।

এ ছাড়া আবুধাবি থেকে ইতিহাদ এয়ারওয়েজ, শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়া, দুবাই থেকে এমিরেটস, ফ্লাইদুবাই ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিক ফ্লাইট, মদিনা ও সৈয়দপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেদ্দা ও চট্টগ্রামগামী ফ্লাইট এবং কুয়ালালামপুর থেকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটসহ অর্ধশতাধিক উড়োজাহাজ দীর্ঘ সময় ঢাকার আকাশে হোল্ডিং প্যাটার্নে থেকে পরে নিরাপদে অবতরণ করে।

বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাতের কারণে রোববার সকালে দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে কমে যায়। একই সময়ে বাতাসের গতিবেগ বেড়ে যাওয়ায় নিরাপদ অবতরণ ও উড্ডয়নে জটিলতা দেখা দেয়। যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকটি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে পাঠানো হয় এবং অনেক ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়।

ফ্লাইট বিলম্বের প্রভাব পড়ে বিমানবন্দরের সামগ্রিক কার্যক্রমে। সকাল থেকেই আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিভিন্ন ফ্লাইট নির্ধারিত সময়ের অনেক পরে পৌঁছায়। এতে টার্মিনালে অপেক্ষমাণ যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এবং বেশ কয়েকটি এয়ারলাইন্স তাদের ফ্লাইট সূচিতে পরিবর্তন আনতে বাধ্য হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়ার উন্নতি সাপেক্ষে ধাপে ধাপে ফ্লাইট পরিচালনা স্বাভাবিক করা হবে। যাত্রীদের অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে বিমানবন্দরে রওনা হওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ ফ্লাইট সূচি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।