logo

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৫ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী ম্যাচে ১১ রানের জয় পেয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। 

এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের বিপক্ষে আজকের রোমাঞ্চকর ম্যাচে সাহসী লড়াই করে ১১ রানে জয় পাওয়ার মাধ্যমে বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা প্রমাণ করেছে-ঐকান্তিক প্রচেষ্টা ও দলগত ঐক্য থাকলে যেকোনো কঠিন পরিস্থিতি থেকেও জয় ছিনিয়ে আনা সম্ভব।

তিনি আরও বলেন, বাংলাদেশের ক্রিকেট দলের এ নজরকাড়া পারফরম্যান্স পুরো জাতিকে গর্বিত করেছে। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, দেশের তরুণ ক্রিকেটারদের এ সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম আরও বৃদ্ধি পাবে।

প্রসঙ্গত, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গত রোববার প্রথমে ব্যাট করে তানজিদ হাসান তামিমের দুর্দান্ত সেঞ্চুরিতে ২৯১ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাবে রান তাড়া করতে নেমে সালমান আলি আগার লড়াকু সেঞ্চুরিতে পাকিস্তান জয়ের সম্ভাবনা জাগালেও, শেষ পর্যন্ত ১১ রানে হেরে যায় তারা।