logo

ভিআইপি সুবিধা ও বিদেশ সফর বন্ধ করে মেধার মূল্যায়ন করুন: সাবেক এনবিআর চেয়ারম্যান

ভিআইপি সুবিধা ও বিদেশ সফর বন্ধ করে মেধার মূল্যায়ন করুন: সাবেক এনবিআর চেয়ারম্যান
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান বদিউর রহমান। ছবি: সংগৃহীত

মশা মারা শিখতে বা খাল খনন দেখতে বিদেশ যাওয়া এক ধরনের বৈধ ঘুষ। দুর্বল সরকারগুলো আমলাদের খুশি রাখার জন্য নানা অজুহাতে এ ধরনের বিদেশ সফরের প্রকল্প তৈরি করে দেয় বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান বদিউর রহমান।

সম্প্রতি এশিয়া পোস্টের আলাপন অনুষ্ঠানে এসে এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, এরশাদ আমলে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা দেওয়াটাও ছিল এই ধরনের বৈধ ঘুষের সূচনা। তার মতে, এ ধরনের সুবিধা প্রদানের মাধ্যমে কর্মকর্তাদের নৈতিক মানকে ধীরে ধীরে নষ্ট করে দেওয়া হয়।

তিনি আরও বলেন, বর্তমানে কর্মকর্তাদের গাড়ি সুবিধা বা ভিআইপি প্রটোকল ব্যবহারের সংস্কৃতি প্রশাসনের দক্ষতাকে ক্ষুণ্ন করছে। সচিব বা যুগ্ম সচিবদের জন্য আলাদা ভিআইপি এসকর্ট কেন থাকবে? এই বিলাসিতা বন্ধ করে মেধাবীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে প্রশাসন পরিচালনা করা উচিত।

তিনি বলেন, জিয়াউর রহমানের আমলের মতো কঠোর মেধা যাচাইয়ের বিসিএস পরীক্ষাপদ্ধতি ফিরিয়ে না আনলে প্রশাসন লক্ষ্যচ্যুত হতে থাকবে। মেধাবীদের বাছাই করে সঠিক পদে না বসালে কোনো সংস্কারই দীর্ঘস্থায়ী ফল দেবে না। তোষামোদি বা রাজনৈতিক পরিচয়ের বদলে দক্ষতাকে অগ্রাধিকার দিতে হবে বলে তিনি উল্লেখ করেন।

আমলাদের খুশি রাখার নামে রাষ্ট্রীয় অর্থের এই অপচয় দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে বলে তিনি দাবি করেন।