রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সরাসরি সম্প্রচার হবে: ইসি সচিব

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (১১ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় সংসদে প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ৩৪৯ সংসদ সদস্য ভোট দেওয়ার সুযোগ পাবেন। ভোট শেষে তাৎক্ষণিকভাবেই ফলাফল জানানো হবে।
এর আগে সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারি ও বিরোধী দলের সংসদীয় প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের বৈঠক হয়। ওই বৈঠক শেষে জাতীয় সংসদের সরকারি দলের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে কেউ ভোট দিতে পারবেন না।
বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না, এটা আমাদের জন্য দুঃখজনক এবং হতাশাজনক।
সরকারি দলের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিল ও বাছাই শেষে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট রাত। সরকারি দলের রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রী প্রার্থী মনোনয়ন দেবেন এবং মনোনয়নপত্র দাখিলের দিনই প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যরা তাদের আসন ও বিভক্তি নম্বর অনুযায়ী ভোট দেবেন।
নূরুল ইসলাম মণি বলেন, রাষ্ট্রপতি, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা ও স্পিকারের ভোট দেওয়ার দৃশ্য গণমাধ্যমকে সরাসরি সম্প্রচারের সুযোগ দেওয়া হবে। ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা ও ফলাফল প্রস্তুতের কার্যক্রমও ফলাফল ঘোষণা পর্যন্ত সরাসরি সম্প্রচার করা যাবে। সংসদে মোট ৩৪৯ জন ভোটার রয়েছেন। নির্ধারিত সময়ের আগেই ভোটগ্রহণ শেষ হলে গণনা শেষে দ্রুত ফলাফল ঘোষণা করা হবে। তবে কোনো ভোট বাকি থাকলে বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করে এরপর ফলাফল ঘোষণা করা হবে।
চিফ হুইপ জানান, প্রধান নির্বাচন কমিশনার রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারীরা নির্বাচনী কার্যক্রমে দায়িত্ব পালন করবেন এবং সংসদ সচিবালয় তাদের প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে।
সাড়ে তিন দশক পর রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। হাতে বাকি সপ্তাহ খানেক। নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে এদিন সকালে জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। অংশ নেন সরকারি ও বিরোধী দলের চিফ হুইপ, নির্বাচন কমিশন সচিবসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা।
এদিকে, ২৭ আগস্ট বিকেল ৩টায় জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন ডেকেছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
.png)


