logo

মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম/ইহতিশামুলকে ছাদখোলা মাইক্রোবাসে সংবর্ধনা

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
ইহতিশামুলকে ছাদখোলা মাইক্রোবাসে সংবর্ধনা
হাফেজ ইহতিশামুল হক হীরাকে ছাদখোলা মাইক্রোবাসে সংবর্ধনা। ছবি: এশিয়া পোস্ট

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় পুরুষদের হিফজ বিভাগে প্রথম স্থান অর্জন করা হাফেজ ইহতিশামুল হক হীরা দেশে ফিরেছেন। ঢাকার মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর এ শিক্ষার্থী ৯৭ নম্বর পেয়ে শীর্ষস্থান অর্জন করেন।

সোমবার (১২ অক্টোবর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ইহতিশামুল হক। সেখানে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং ছাদখোলা মাইক্রোবাসে করে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

প্রথম স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ ইহতিশামুল হক পেয়েছেন ৪০ হাজার মালয়েশীয় রিঙ্গিত নগদ অর্থ, একটি সম্মাননা ট্রফি, পাঁচ হাজার রিঙ্গিত মূল্যের ওমরাহ অথবা মুসলিম পর্যটন প্যাকেজ এবং তিন হাজার রিঙ্গিত মূল্যের স্বর্ণের বার।

মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর প্রিন্সিপাল মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম বলেন, ‘আমাদের এ খুদে হাফেজ, বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর কৃতী ছাত্র হাফেজ এহতেশামুল হক হীরার মাধ্যমে আমার প্রিয় মাতৃভূমিকে সারা পৃথিবীর সামনে উপস্থাপন করতে পেরেছি। লাল-সবুজের পতাকাকে উড্ডীন করতে পেরেছি। আমি বাংলাদেশ সরকারের, বিশেষ করে ধর্ম মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের এ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ইতোমধ্যেই সৌদি আরব, দুবাই, ইরান, কুয়েত, তুরস্ক এবং সর্বশেষ মালয়েশিয়ায় আমরা সারা পৃথিবীতে প্রথম হতে পেরেছি।’

খেলাধুলার মতো কোরআনের মাধ্যমেও বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরতে পারা এবং এমন গুণী হাফেজদের রাষ্ট্রীয়ভাবে সম্মান জানাতে পারাকে রাষ্ট্রের জন্য একটি বড় অর্জন বলে উল্লেখ করেন তিনি।