logo

পাঁচ জেলায় নতুন এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

পাঁচ জেলায় নতুন এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি
ছবি: সংগৃহীত

দেশের পাঁচ জেলায় পুলিশ সুপার বা এসপি পদে রদবদল এনেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরমধ্যে পুলিশ সদর দপ্তর, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ট্যুরিস্ট পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বিভিন্ন পদে কর্মরতে আরও সাতজন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করেছে সরকার।

পাঁচ জেলার মধ্যে রয়েছে পঞ্চগড়, মৌলভীবাজার, নোয়াখালী, ঝিনাইদহ এবং ফেনী।

বৃহস্পতিবার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব নাসরিন সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. আবু সাঈমকে পঞ্চগড় জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে পঞ্চগড়ের পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

ডিএমপির আরেক উপপুলিশ কমিশনার মো. মনিরুল ইসলামকে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মৌলভীবাজারের বর্তমান পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এদিকে ডিএমপির উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিনকে নোয়াখালী জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। নোয়াখালীর পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে বদলি করে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) দায়িত্ব দেওয়া হয়েছে।

ডিএমপির উপপুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানকে ঝিনাইদহ জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ঝিনাইদহের পুলিশ সুপার মো. মাহফুজ আফজালকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত ছিলেন। অন্যদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে পুলিশ অধিদপ্তর, ঢাকায় সংযুক্ত করা হয়েছে। তিনি এর আগে ফেনীর পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত ছিলেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পিবিআইয়ের পুলিশ সুপার মো. রাজীব ফারহান এবং ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ানকে রেঞ্জ ডিআইজির কার্যালয় রংপুরে সংযুক্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।