logo

প্রায় ২৪ হাজার রাজনৈতিক মামলা প্রত্যাহার, অব্যাহতি পেলেন ৫ লাখ মানুষ

প্রায় ২৪ হাজার রাজনৈতিক মামলা প্রত্যাহার, অব্যাহতি পেলেন ৫ লাখ মানুষ

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে করা বিপুলসংখ্যক রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পথে এগিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ পর্যন্ত এমন ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। যার ফলে প্রায় পাঁচ লাখ মানুষ এসব মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয় প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক অনেক মামলা করা হয়। হয়রানিমূলক মামলাগুলো পর্যালোচনা ও প্রত্যাহারের লক্ষ্যে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকার দুটি কমিটি গঠন করে। এর মধ্যে জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি এবং কেন্দ্রীয়ভাবে আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়।

আওয়ামী লীগ সরকারের আমলে করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন আহ্বান করা হয়। ভুক্তভোগী দলগুলোর দাখিল করা আবেদনগুলো আন্তঃমন্ত্রণালয় কমিটি ধারাবাহিকভাবে পর্যালোচনা করে। এ পর্যন্ত অনুষ্ঠিত ৩৯টি বৈঠকে আবেদন যাচাই-বাছাই শেষে ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহারের সুপারিশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের এই প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। পর্যায়ক্রমে বাকি আবেদনগুলোও পর্যালোচনা করা হবে।