রোহিঙ্গা ও কক্সবাজারের স্থানীয়দের জন্য অস্ট্রেলিয়ার ২৫ মিলিয়ন ডলার সহায়তা

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা এবং কক্সবাজারের ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীর জন্য ২৫ দশমিক ২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের নতুন সহায়তা ঘোষণা করেছে অস্ট্রেলিয়া সরকার। এ সহায়তা বাস্তবায়নে সোমবার (৩ আগস্ট) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অস্ট্রেলিয়া সরকার ও ইউএনএইচসিআরের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।
অস্ট্রেলিয়ান হাইকমিশন ও ইউএনএইচসিআরের এক যৌথ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চুক্তিতে সই করেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং ইউএনএইচসিআরের ভারপ্রাপ্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জুলিয়েট মুরেকিইসোনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ও বহুসাংস্কৃতিকবিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়ান হিল।
নতুন এ অর্থায়নের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি, আশ্রয়, সুরক্ষা, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষায়িত সহায়তাও দেওয়া হবে।
এ সহায়তা বাংলাদেশ ও মিয়ানমারে চলমান মানবিক সংকট মোকাবিলায় অস্ট্রেলিয়ার ঘোষিত তিন বছর মেয়াদি ৩৭০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের মানবিক সহায়তা প্যাকেজের অংশ।
.png)


