মানুষের পারসেপশন পরিবর্তন করতে চাই: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিগত সময়ের কারণে পানি উন্নয়ন বোর্ড সম্পর্কে মানুষের খারাপ ধারণা তৈরি হয়েছে। সেই ধারণা পাল্টাতে চাই, বিশেষ করে এ জন্য খননের উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড়ের বোদা পৌরসভার দুলাল তলী বাঁধ এলাকার খাল পুনর্খননের কার্যক্রমের পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের পানি উন্নয়ন বোর্ড নিয়ে মানুষের একটা খারাপ ধারণা আছে। সেই পারসেপশন থেকে পানি উন্নয়ন বোর্ডকে ফিরিয়ে আনব। পানি উন্নয়ন বোর্ড কাজ করবে নদী, খাল, জলাশয় খননের ক্ষেত্রে ছয় থেকে সাত মাস। সেটা ফেব্রুয়ারি থেকে এপ্রিল অথবা মে পর্যন্ত। এর মধ্য দিয়ে আমরা কাজ সম্পন্ন করব। বর্ষাকালে আমাদের জরুরি কোন বিষয় ছাড়া আমরা কোনো জায়গায়, নদী খনন বা খাল খনন বা জলাশয় খনন করব না। আমরা কোথাও কোনো ব্লক ফেলব না।
তিনি বলেন, আমাদের মন্ত্রণালয় যে পরিকল্পনা নিয়েছে, সেই পরিকল্পনা বাস্তবায়ন করব। শুধু বাস্তবায়ন করা না, যেন যারা আবার সরকারে আসবেন তারাও সুবাতাস পায়। এটার জন্য সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
ঐতিহাসিক পাথরাজ নদীর খাল ও দুলালতলীর বাধ পরিদর্শন নিয়ে সাংবাদিকদের বলেন, ১৯৮০ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। আজকে পরিদর্শনে এসে দেখতে পাচ্ছি সেই খালটি ভরাট হয়ে আছে। এখন আর সেই খালের জায়গায় খাল নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের যে নির্বাচনী ইশতেহার ছিল খাল ও নদী খননের এবং আমরা বিশ হাজার কিলোমিটারের লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ শুরু করেছি। সেই লক্ষ্যে পাথরাজ নদী আমরা আবার খনন করতে পারি।
এর আগে পাথরাজ নদীর খাল পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পাথরাজ নদী ও খাল সম্পর্কে অবগত করেন।
এ সময় পরিদর্শনে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপির নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।