logo
Advertisement

বায়তুল মুকাররমে শুক্রবার থেকে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
বায়তুল মুকাররমে শুক্রবার থেকে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। ছবি: গণমাধ্যম থেকে নেওয়া

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু হতে যাচ্ছে।

দেশের বিভিন্ন প্রান্তের পাঠক, লেখক, প্রকাশক ও ইসলামি সাহিত্যপ্রেমীদের অংশগ্রহণে এই বইমেলা জ্ঞানচর্চা ও ইসলামি সংস্কৃতির এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগ আয়োজিত এবারের বইমেলায় দেশি-বিদেশি ২০৬টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় পবিত্র কুরআন, হাদিস, সিরাত, ইসলামি দর্শন, ইতিহাস, গবেষণা, ধর্মীয় সাহিত্য এবং শিশু-কিশোরদের উপযোগী গ্রন্থসহ বিভিন্ন বিষয়ের বিপুলসংখ্যক বই পাওয়া যাবে।

দেশের স্বনামধন্য প্রকাশনা সংস্থাগুলোর পাশাপাশি বিভিন্ন ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠান মেলায় তাদের প্রকাশিত বই প্রদর্শন ও বিক্রয় করবে। ফলে ইসলামি জ্ঞানচর্চায় আগ্রহী পাঠকেরা একই স্থানে বিভিন্ন প্রকাশকের বই সংগ্রহের সুযোগ পাবেন।

ইসলামিক ফাউন্ডেশন আশা করছে, এই বইমেলার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ইসলামি জ্ঞান, পাঠাভ্যাস ও নৈতিক মূল্যবোধের প্রসার ঘটবে। বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে পবিত্র কুরআন, হাদিস, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ এবং ইসলামের শান্তি, সাম্য, মানবিকতা ও কল্যাণের বার্তা ছড়িয়ে দিতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণ ও প্রচুর ইসলামি বইয়ের সমাহার থাকায় মেলায় ব্যাপক জনসমাগম হবে বলে আশা করছে আয়োজক সংস্থাটি। বইমেলাটি সফল করতে তারা সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে।