কেন গ্যাসের সংকট, কারণ জানালেন জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ ব্যাহত হওয়ায় দেশে গ্যাস-সংকট তৈরি হয়েছে।
এ ছাড়া ইরান যুদ্ধের প্রভাব এবং বিগত সরকারের ভুল নীতির কারণে জ্বালানি খাত চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।
বুধবার (২২ জুলাই) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর’ শীর্ষক এক পলিসি কনক্লেভে এসব কথা বলেন তিনি।
ইকবাল হাসান মাহমুদ বলেন, ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি এড়িয়ে বিকল্প উৎস থেকে জ্বালানি আনতে গিয়ে পরিবহন ও অন্যান্য খরচ অনেকটাই বেড়ে যাচ্ছে। বাধ্য হয়ে সরকার এখন বেশি দামে এলএনজি ক্রয় করছে।
বিগত সরকারের সমালোচনা করে জ্বালানিমন্ত্রী বলেন, ‘গত ১৭ বছরের ফ্যাসিস্ট রেজিম দেশের সব সিস্টেম ভেঙে দিয়েছিল। জ্বালানি খাতকে তারা পুরোটাই আমদানিনির্ভর করে ফেলে। এই দীর্ঘ ১৭ বছরে তারা একটি কূপও খনন করেনি।’
নিজের অসহায়ত্ব ও বর্তমান পরিস্থিতির সীমাবদ্ধতা প্রকাশ করে তিনি বলেন, আমি চারদিক দিয়ে বাঁধা। এর মধ্য দিয়েই আমাদের কাজ করতে হচ্ছে। তবে আপনারা ভয় পাবেন না, আমরা সংকট মোকাবিলায় নিরবচ্ছিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি কনক্লেভে নবায়নযোগ্য জ্বালানির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আশা প্রকাশ করেন। আগামী সেপ্টেম্বরের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে দরপত্র আহ্বান করা সম্ভব হবে বলে জানান।
সব পক্ষের প্রয়োজনীয় সহযোগিতা পেলে বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই সোলার (সৌর বিদ্যুৎ) থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে বলে জানান জ্বালানিমন্ত্রী।
.png)






