বায়রা নির্বাচনের তপশিল ঘোষণা, ১৪ নভেম্বর ভোটগ্রহণ

এশিয়া পোস্ট প্রতিবেদক
বায়রা নির্বাচনের তপশিল ঘোষণা, ১৪ নভেম্বর ভোটগ্রহণ
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি। ছবি: সংগৃহীত

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)-এর ২০২৬ থেকে ২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের আনুষ্ঠানিক তপশিল ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফিরোজ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৪ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বৃহস্পতিবার বিকেলে সংবাদমাধ্যকে জানান, আগামী ১৪ নভেম্বর নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে, নির্দিষ্ট সময়েই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনি তপশিলে বলা হয়েছে, আগামী মেয়াদে সংগঠনের ২৭ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ গঠনের লক্ষ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পর্ষদের মধ্যে রয়েছেন একজন প্রেসিডেন্ট, একজন সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট, তিন জন ভাইস-প্রেসিডেন্ট, একজন সেক্রেটারি জেনারেল, তিন জন জয়েন্ট সেক্রেটারি জেনারেল, একজন ফাইন্যান্স সেক্রেটারি, একজন স্পোর্টস, রিক্রিয়েশন অ্যান্ড কালচারাল সেক্রেটারি, একজন পাবলিক রিলেশনস সেক্রেটারি, একজন মেম্বার্স ওয়েলফেয়ার সেক্রেটারি এবং ১৪ জন সাধারণ সদস্য।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগে বায়রার তৎকালীন দ্বির্বাষিক কার্যনির্বাহী কমিটির কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট। পরে সংগঠনটিতে প্রশাসক নিয়োগের নির্দেশ দেওয়া হয়।

ওই কমিটির নির্ধারিত মেয়াদ ছিল ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত। পরবর্তীতে ২০২৪ সালের ডিসেম্বর মাসে নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হওয়ার পর সুনির্দিষ্ট সময়ে নির্বাচন করতে না পারায় সরকার বায়রায় চূড়ান্তভাবে প্রশাসক নিয়োগ দেয়।

বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়োগকৃত প্রশাসকের তত্ত্বাবধানেই বায়রার দৈনন্দিন কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এই ধারাবাহিকতায় নতুন নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠন করে নির্বাচনের এই নতুন তপশিল ঘোষণা করা হলো।

বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এবারের নির্বাচন বোর্ডে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন উপসচিব ফিরোজ আল মামুন।

এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ হাসিব সরকার এবং সহকারী সচিব মো. হুমায়ূন কবীর।

নির্বাচনি সময়সূচি

সদস্য পদ নবায়নের শেষ সময়: নির্বাচনে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য ভোটারদের আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে ৩১ ডিসেম্বর পর্যন্ত বার্ষিক চাঁদা ও অন্যান্য বকেয়া পরিশোধ করতে হবে। একই তারিখে বিকেল ৫টার মধ্যে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদন দাখিল করতে হবে।

ভোটার তালিকা প্রকাশ ও আপিল: আগামী ২৪ সেপ্টেম্বর প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে। প্রাথমিক বায়রার ভোটার তালিকার ওপর ২৫ থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে আপত্তি দাখিল করা যাবে। ২৮ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আপিল বোর্ড তা শুনানি শেষে নিষ্পত্তি করবে। এরপর ১ থেকে ২ অক্টোবরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন বোর্ড।

মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল: আগ্রহী প্রার্থীরা আগামী ২ থেকে ৮ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে নির্ধারিত কাগজপত্রসহ মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবেন।

বাছাই ও চূড়ান্ত প্রার্থী তালিকা: ৯ থেকে ১৫ অক্টোবর মনোনয়নপত্র পরীক্ষা শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২১ অক্টোবর বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের পর ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ থাকবে। এরপর ২৪ অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

ভোটগ্রহণ ও ফলাফল

তপশিল অনুযায়ী, আগামী ১৪ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে এবং ভোট গণনা শেষে ওই দিনই নির্বাচনি ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনের চূড়ান্ত ভোট কেন্দ্র ভোটগ্রহণের আগে জানিয়ে দেওয়া হবে।

নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে কোনো আপত্তি থাকলে নির্দিষ্ট ফি ও সময়সীমা মেনে ১৫ নভেম্বর থেকে আবেদন করা যবে। ১৬ ও ১৭ নভেম্বর শুনানি শেষে ১৮ নভেম্বর নির্বাচন বোর্ড চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে।

ফলাফল নিয়ে কোনো আপত্তি থাকলে ১৯ থেকে ২১ নভেম্বর বিকেল ৬টার মধ্যে পৃথক ধাপে নির্বাচন আপিল বোর্ডের কাছে আবেদন করা যাবে।

২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত সকল আইনি প্রক্রিয়া ও শুনানি সম্পন্ন করে ২৫ নভেম্বর সংশোধিত (যদি প্রয়োজন হয়) চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে নির্বাচন বোর্ড।

নির্বাচন বোর্ড জানিয়েছে, বিশেষ প্রয়োজনে এই তপশিল পরিবর্তন, পরিমার্জন বা সংশোধন করার সম্পূর্ণ এখতিয়ার তারা সংরক্ষণ করে।