মূল্যস্ফীতি আরও বাড়ল

খাদ্যপণ্যের দাম বাড়ার কারণে দেশে মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। গত নয় মাসে এই প্রথম সার্বিক মূল্যস্ফীতি ৯ শতাংশ ছাড়িয়েছে ।
রোববার (৮ মার্চ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ১৩ শতাংশে, যা জানুয়ারিতে ছিল ৮ দশমিক ৮৫ শতাংশ।
মূল্যস্ফীতির এই হার গত বছরের এপ্রিলের পর সর্বোচ্চ। ওই সময় এ হার ছিল ৯ দশমিক ১৭ শতাংশ। মে মাসে তা কমে ৯ দশমিক ৫ শতাংশ হয়েছিল। এরপর তা কমতে কমতে গতবছর অক্টোবর মাসে ৮ দশমিক ১৭ শতাংশে নেমে এসেছিল, যা ৩৯ মাসের মধ্যে সবচেয়ে কম। এরপর থেকে ফের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির পারদ। গতবছর নভেম্বরে ৮ দশমিক ২৯ শতাংশ, ডিসেম্বরে ৮ দশমিক ৪৯ শতাংশ।
খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির হারও ফেব্রুয়ারিতে বেড়েছে। এ খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ০১ শতাংশে, যা জানুয়ারিতে ছিল ৮ দশমিক ৮১ শতাংশ।
ফেব্রুয়ারিতে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ২১ শতাংশে, যা জানুয়ারিতে ৮ দশমিক ৬৩ শতাংশ ছিল। অন্যদিকে, শহরাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি জানুয়ারির ৮ দশমিক ৫৭ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ০৭ শতাংশ হয়েছে। এর মূলে রয়েছে শহরে খাদ্যপণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়া।
ফেব্রুয়ারিতে শহরাঞ্চলে খাদ্যখাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ, যা জানুয়ারিতে ৮ দশমিক ৬১ শতাংশ ছিল। অর্থ্যাৎ মাসের ব্যবধানে বেড়েছে ১ দশমিক ২৬ শতাংশ পয়েন্ট।
এ ছাড়া খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি সামান্য বেড়ে জানুয়ারির ৮ দশমিক ৫৪ শতাংশ থেকে ফেব্রুয়ারিতে ৮ দশমিক ৫৭ শতাংশ হয়েছে।
সার্বিক মূল্যস্ফীতির হার যেখানে ৯ দশমিক ১৩, সেখানে ফেব্রুয়ারি মজুরি বৃদ্ধির হার ৮ দশমিক ০৬ শতাংশ। যা আগের জানুয়ারি মাসের তুলনায়ও কম। ওই মাসে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ০৮ শতাংশ।