এবার স্বাস্থ্যমন্ত্রীর এলাকায় মেডিকেল কলেজের অনুমোদন

অন্তর্বর্তী সরকারের সময়ে রাজনৈতিক সুপারিশে নতুন করে প্রায় ১০টি মেডিকেল কলেজের আবেদন জমা পড়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। বিএনপি সরকার গঠনের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁওয়ে প্রথম কলেজের অনুমোদন মেলে। এবার মেডিকেল কলেজের অনুমোদন হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের নিজ এলাকা নরসিংদীতে।
রোববার (১৪ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের সময়েই ঠাকুরগাঁও, নরসিংদী, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জসহ ১০ জেলায় নতুন করে মেডিকেল কলেজ স্থাপনের সুপারিশ জমা পড়ে মন্ত্রণালয়ে। এর মধ্যে কেউ কেউ আবার নির্বাচনে জয় পেতে নিজ এলাকায় মেডিকেল কলেজ স্থাপনেরও প্রতিশ্রুতি দেন।
সরকার গঠনের পর একাধিক মন্ত্রীর এলাকায় মেডিকেল কলেজ স্থাপনের তোড়জোড় শুরু হয়। যার একটি স্বাস্থ্যমন্ত্রীর এলাকা নরসিংদীতে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার প্রথম কর্মদিবসেই এ সংক্রান্ত একটি দাপ্তরিক চিঠি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠিয়েছিলেন সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
