৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ৩ বিভাগে সতর্কতা জারি

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের তিন বিভাগে ঝোড়ো আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার (১ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের মধ্যে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
একই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে, যা নৌ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে।
এ পরিস্থিতিতে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নৌযানগুলোকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।