logo

বর্তমান বিএনপি সরকারও বিগত সরকারের পথ অনুসরণ করছে: সাদিক কায়েম

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
বর্তমান বিএনপি সরকারও বিগত সরকারের পথ অনুসরণ করছে: সাদিক কায়েম
সাদিক কায়েম। ছবি: এশিয়া পোস্ট

বিসিএস ও প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে রাজনৈতিক বিবেচনা ও গণবাতিলের অভিযোগ তুলে বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। ৪৯তম বিসিএসের গেজেট প্রকাশে মেধাতালিকায় শীর্ষস্থানে থাকা ব্যক্তিদের বাদ দেওয়া এবং ভাইভায় প্রভাব বিস্তারের প্রতিবাদ জানিয়ে তিনি সতর্ক করেছেন যে, তরুণদের সঙ্গে অন্যায় করার পরিণতি শুভ হবে না।

বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) এক প্রেস বিজ্ঞপ্তিতে ডাকসু ভিপি বলেন, “৪৯তম বিসিএসের গেজেটে মেধাতালিকায় প্রথম স্থান অধিকারীসহ পরীক্ষায় উত্তীর্ণ অনেককেই বাদ দেওয়া হয়েছে। এমনকি জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী অনেকেই এবার সুপারিশবঞ্চিত হয়েছেন।”

এর আগে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও একইভাবে গণহারে প্রার্থী বাদ দেওয়ার পর সমালোচনার মুখে আবার নিয়োগপত্র প্রদানের উদাহরণ টেনে তিনি বলেন, ভেরিফিকেশনের নামে রাজনৈতিক দলীয়করণের যে মাস্টারপ্ল্যান বিগত সরকারের আমলে ছিল, বর্তমান বিএনপি সরকারও সেই একই পথ অনুসরণ করছে।

সাদিক কায়েম আরও অভিযোগ করেন, “সরকারি চাকরিকে দলীয় লোকদের জন্য সীমিত করে শিক্ষিত প্রজন্মকে দলদাসে পরিণত করার চক্রান্ত চলছে। ভাইভায় ৪০০ শতাংশ পর্যন্ত নম্বর বৃদ্ধির সুপারিশ করা হচ্ছে এবং বর্তমানে সরকারের মন্ত্রী-এমপিরা রাখঢাক না রেখেই প্রকাশ্যে ভাইভায় সুপারিশের কথা বলছেন।”

সংবিধানের রেফারেন্স টেনে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি প্রশ্ন তুলে বলেন, সংবিধানের ২৯ নম্বর অনুচ্ছেদে পরিষ্কার বলা হয়েছে, ‘প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদলাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে।’ কিন্তু ২৭ লাখ বেকারের দেশে বেকারদের ওপর প্রতিনিয়ত জুলুম করা হচ্ছে। একদিকে কোনো বড় নিয়োগ নেই, অন্যদিকে রাজনৈতিক নিয়োগ জোরদার করার সব আয়োজন চলছে।

জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা বৈষম্যহীন সমাজ গঠন উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “নির্লজ্জ দলীয়করণ করতে গিয়ে বিগত স্বৈরাচারের রূপ ধারণ করার চেষ্টা করলে তার পরিণতিও ভালো হবে না। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার কারণে এই সরকার মানুষের ক্ষোভ ও অসন্তোষ টের পাচ্ছে না। তরুণ প্রজন্মকে নিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিলের চিন্তা বাদ দিয়ে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানাচ্ছি।”