জনগণের ন্যায়বিচার নিশ্চিতের নির্দেশ অতিরিক্ত আইজির

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) পুলিশ সদর দপ্তরে (হেডকোয়ার্টার্স) ভার্চুয়ালি অনুষ্ঠিত মে মাসের অপরাধ পর্যালোচনা সভায় এই নির্দেশনা দেওয়া হয়।
দুই দিনব্যাপী এই অপরাধ পর্যালোচনা সভার প্রথম দিন সোমবার (২৯ জুন) মেট্রোপলিটন ও রেঞ্জ এবং বুধবার বিশেষায়িত ইউনিটের কর্মকর্তারা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম।
ভার্চুয়ালি অনুষ্ঠিত এই সভায় সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা যুক্ত ছিলেন। এ সময় পুলিশ সদর দপ্তর প্রান্তে উপস্থিত ছিলেন ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় মে মাসের সার্বিক অপরাধ চিত্র, সাজাপ্রাপ্তদের গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মামলার তদন্ত ও বিচারের ফলাফল, সাজার হার এবং সাম্প্রতিক সময়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজি খোন্দকার রফিকুল ইসলাম মামলা তদন্তে নিবিড় তদারকি বাড়ানোর জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বলেন, ‘সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে নিখুঁতভাবে মামলা তদন্ত করে দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।’
এ সময় বিভিন্ন অভিযান পরিচালনার ক্ষেত্রে পুলিশ সদস্যদের নিজেদের এবং সরকারি সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও বিশেষ নির্দেশনা দেন তিনি।





