নগর ভবনের কেউ অবৈধ কাজ করলে ব্যবস্থা নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক

নগর ভবনের কেউ অবৈধ কাজ করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর ফুলবাড়িয়া মার্কেট পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
প্রশাসক আব্দুস সালাম বলেন, এটা নিয়ে মামলা আছে এবং মামলা থাকাকালীন হাইকোর্টের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত ছাড়া কারও পক্ষেই কোনো কিছু করা অবৈধ। সিটি করপোরেশন কোনো অবৈধ কার্যক্রমকে বৈধতা দেবে না, দিতে পারে না। এটা আমাদের স্ট্যান্ড পরিষ্কার। এখানে কোনো কিছুই অবৈধভাবে করা যাবে না। হাইকোর্ট যদি পরিষ্কার কোনো রায় দেন, তারপর সে রায়ের ভিত্তিতে সেটি কার্যকর হবে। এটি হলো এই মার্কেটের ব্যাপার।
তিনি বলেন, কেউ যদি কোনো কিছু করে থাকে তাহলে সেটা অবৈধ এবং সেটার সঙ্গে যদি আমার নগর ভবনের কেউ জড়িত থাকে তাহলে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসক বলেন, দোকানের জায়গায় দোকান থাকবে। যেখানে পরিষ্কার, যেখানে দোকানের কোনো অর্ডার নেই, সেখানে তো দোকান হতে পারবে না। সে ব্যাপারে পরিষ্কার। আমরা বসেছি, আজও এ ধরনের একটি মিটিং আছে। আমি যেহেতু এটি জরুরি মনে করেছি, যেহেতু পত্রিকায় একটি রিপোর্ট আসছে, সেটার ভিত্তিতেই আমি আজকে আসছি এখানে দেখার জন্য। ঢাকা মহানগরের প্রধান হিসেবে, প্রশাসক হিসেবে, মেয়র হিসেবে আমি আপনাদের মাধ্যমে নগরবাসীর সহযোগিতা চাই যে, কীভাবে নগরবাসীর নাগরিক সুযোগ-সুবিধা আমরা দিতে পারি। সে ব্যাপারে সহযোগিতা ওনারা কীভাবে করতে পারেন, সিটি করপোরেশন কতটুকু কাজ করতে পারে—এটা নিয়ে আমরা কথা বলছি।
এর আগে, গতকাল সোমবার (৩০ মার্চ) এশিয়া পোস্টে ‘গুলিস্তানের ফুলবাড়িয়া মার্কেট: সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান’ শীর্ষক একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটিতে মার্কেটের বেজমেন্টে করপোরেশনের ম্যাজিস্ট্রেটের সিলগালা ভেঙে প্রভাবশালী সিন্ডিকেট কীভাবে দুই মাসের মধ্যেই প্রায় ১ হাজার দোকান নির্মাণ করে ১০০ কোটি টাকা হরিলুট করছে সে তথ্য প্রকাশ করা হয়।
সংবাদটি প্রকাশের পর ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সামাদ ওই সংবাদ প্রতিবেদনের ওপর হাতে লেখা একটি নির্দেশনা প্রদান করেন। সেখানে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
উল্লেখ্য, ফুলবাড়িয়া মার্কেটের আন্ডারগ্রাউন্ড পার্কিং ও ফাঁকা জায়গায় অবৈধ দোকানের কারণে মার্কেটের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও ক্রেতা-বিক্রেতাদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। ইতোপূর্বে ২০২০ সালে সিটি করপোরেশন এসব দোকান অভিযান চালিয়ে ভেঙে ফেলে। জুলাই গণঅভ্যুত্থানের পর ফের পুরোনো সিন্ডিকেট প্রভাবশালীদের মদদে পুনরায় সেখানে মার্কেট নির্মাণ শুরু করে।
এদিকে, ডিএসসিসি প্রশাসকের এই কঠোর নির্দেশনার পর এখন অবৈধ দোকান উচ্ছেদে অভিযান শুরু হবে বলে আশা করছেন সাধারণ ব্যবসায়ীরা।