logo
স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের প্রতিবেদন

পুলিশের ঊর্ধ্বতন ১৪৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

পুলিশের ঊর্ধ্বতন ১৪৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
বাংলাদেশ পুলিশের লোগো। ছবি: কোলাজ

চব্বিশের গণ-অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকা পালন করা সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং তার ওপরের পদমর্যাদার ১৪৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর কর্মস্থল থেকে অনুপস্থিত থাকার অভিযোগে বিভাগীয় মামলা হয়েছে বিসিএস পুলিশ ক্যাডারের ৬২ কর্মকর্তার বিরুদ্ধে। এই ৬২ জনের মধ্যে ৩১ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে; বিভাগীয় মামলা চলছে বাকি ৩১ জনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির পঞ্চম বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া অগ্রগতি প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন। এতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, ৫ আগস্ট ২০২৪ কেন্দ্রিক ঘটনায় কর্মস্থলে অনুপস্থিত বা পলাতক থাকার কারণে এএসপি ও তার ওপরের পদমর্যাদার ৫৭ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে। এই ৫৭ কর্মকর্তার মধ্যে বিভাগীয় মামলায় ২৮ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একজনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

আরও বলা হয়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানকেন্দ্রিক বিভিন্ন ফৌজদারি মামলা, আদালতে দায়ের করা অভিযোগ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার ২৯ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের মধ্যে উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার দুজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এর ২০২৫ সালের চারটি মামলার রায়ের ভিত্তিতে এএসপি ও তার ওপরের পদমর্যাদার ১৩ কর্মকর্তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মধ্যে দণ্ডিত পাঁচ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। বাকি আট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা চলছে।

এ ছাড়া গণঅভ্যুত্থানের সময় সংঘটিত বিভিন্ন ঘটনার কারণে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত বা অপসারণ করা হয়েছে। একই ঘটনায় আরও ৩০ পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।

গণঅভ্যুত্থানের পর পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৭৩ কর্মকর্তাকে সরকার অবসরে পাঠিয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

বিতর্কিত কর্মকর্তাদের পদায়ন নিয়ে কমিটিতে প্রশ্ন

গত ১৩ অগাস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির প্রথম বৈঠকে গণ-অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকা পালনকারী পুলিশ কর্মকর্তাদের পুনরায় গুরুত্বপূর্ণ থানায় পদায়ন নিয়ে প্রশ্ন তোলেন কয়েকজন সংসদ সদস্য।

কমিটির সদস্য শিরীন সুলতানা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যেসব পুলিশ কর্মকর্তা বিতর্কিত বা নেতিবাচক ভূমিকায় ছিলেন কিংবা শাস্তি পেয়েছিলেন, তারা কীভাবে নরসিংদী ও ঢাকার আশপাশের থানায় আবার পদায়ন পাচ্ছেন। তিনি এ বিষয়ে তদন্ত করে অভিযুক্ত ও বিতর্কিত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।

কমিটির আরেক সদস্য মনোয়ার হোসেন বলেন, গুম কমিশনের প্রতিবেদনে যাদের নাম এসেছে এবং যারা বিভাগীয় শাস্তি পেয়েছেন, তাদের অনেকে এখনো বিভিন্ন পদে বহাল রয়েছেন। এসব কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র সচিব ও পুলিশ মহাপরিদর্শকের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।