মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কলিউশন সামিটে যোগ দিয়েছেন। দুদিনব্যাপী এ সম্মেলনে বিশ্বের ৪০টির বেশি দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণীরা অংশ নেন। শিশুদের কল্যাণ ও সম্ভাবনা বিকাশ নিয়ে উচ্চপর্যায়ের আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে এ সম্মেলন বিবেচিত হচ্ছে।
মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে সম্মেলনের উদ্বোধন করেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। উদ্বোধনী অধিবেশনে ডা. জুবাইদা রহমান শিশুদের নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রতিটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তাদের শিশুদের যত্ন, শিক্ষা ও মূল্যবোধের ওপর।
ডা. জুবাইদা রহমান তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকার ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’-এর মতো উদ্যোগ গ্রহণ করেছে, যা পরিবারকে আর্থিকভাবে সহায়তা করে এবং শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করে। একজন চিকিৎসক হিসেবে তিনি সবার জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবার ওপর গুরুত্ব দেন, বিশেষ করে প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর জোর দেন।
শিক্ষা খাত নিয়ে তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে। সরকার শিক্ষকদের ট্যাবলেট সরবরাহ, ডিজিটাল পাঠ্যক্রম চালু এবং মাল্টিমিডিয়াভিত্তিক শিক্ষা বিস্তারে কাজ করছে। এতে শহর ও গ্রামের শিক্ষার ব্যবধান কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশে নারীর অগ্রযাত্রার একটি শক্তিশালী ভিত্তি রয়েছে। বর্তমান সরকার নারীদের জন্য স্নাতকোত্তর স্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষার লক্ষ্যে কাজ করছে।
ডা. জুবাইদা রহমান বৈশ্বিক অংশীদারত্বের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রযুক্তিগত সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে শিশুদের জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।
সম্মেলনের ফাঁকে শিশুদের শিক্ষা উন্নয়নে বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে একটি প্রদর্শনীও পরিদর্শন করেন তিনি। সফরের সমাপনী দিনে হোয়াইট হাউসে আয়োজিত সমাপনী অধিবেশনে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
ডা. জুবাইদা রহমানের সফরসঙ্গী হিসেবে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, অর্থোপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ এবং ব্যারিস্টার মেহনাজ মান্নান অংশগ্রহণ করেন।