ঈদ শেষে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৩ মার্চের টিকিট

ঈদের ছুটি শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রার জন্য আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
শুক্রবার (১৩ মার্চ) বিক্রি করা হচ্ছে আগামী ২৩ মার্চের ট্রেনের টিকিট।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। সার্ভারের ওপর চাপ কমাতে এবার অঞ্চলভেদে দুটি ভিন্ন সময়ে টিকিট বিক্রি করা হচ্ছে।
সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের ২৩ মার্চের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের ২৩ মার্চের টিকিট বিক্রি শুরু হবে।
কোন তারিখে কোন টিকিট
ঈদের পর ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ ১৩ মার্চ। আজ পাওয়া যাচ্ছে ২৩ মার্চের টিকিট।
এ ছাড়া ১৪ মার্চ বিক্রি হবে ২৪ মার্চের টিকিট, ১৫ মার্চ বিক্রি হবে ২৫ মার্চের টিকিট, ১৬ মার্চ বিক্রি হবে ২৬ মার্চের টিকিট, ১৭ মার্চ বিক্রি হবে ২৭ মার্চের টিকিট, ১৮ মার্চ বিক্রি হবে ২৮ মার্চের টিকিট ও ১৯ মার্চ বিক্রি হবে ২৯ মার্চের টিকিট
একজন যাত্রী ঈদযাত্রার অগ্রিম টিকিট একবারই কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি আসন সংগ্রহের সুযোগ থাকছে। বিক্রি হওয়া টিকিট ফেরত নেওয়া হবে না বলে জানিয়েছে রেলওয়ে।
এ ছাড়া ঈদযাত্রাকে ঘিরে অনলাইনে ট্রেনের টিকিট কাটায় নতুন কঠোর নীতিমালা চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। সাধারণ যাত্রীরা যেন নিরাপদ ও নিরবচ্ছিন্নভাবে টিকিট সংগ্রহ করতে পারেন, সে লক্ষ্যেই সার্ভার সুরক্ষা ও ব্যবহারবিধিতে আনা হয়েছে বড় পরিবর্তন।
নতুন নিয়ম অনুযায়ী, কোনো ব্যবহারকারী একই ইউআরএলে এক মিনিটে ১০ বার বা তার বেশি রিকোয়েস্ট পাঠালে তাকে স্বয়ংক্রিয়ভাবে পাঁচ মিনিটের জন্য ব্লক করা হবে। অর্থাৎ অস্বাভাবিক ক্লিক বা রিফ্রেশ করলে সঙ্গে সঙ্গে সাময়িক নিষেধাজ্ঞা কার্যকর হবে।
আরও বলা হয়েছে, কোনো ব্যবহারকারী ১৫ মিনিটের মধ্যে তিনবার বা তার বেশি সিট নির্বাচন করলে তার সিট সিলেকশন সুবিধা এক ঘণ্টার জন্য বন্ধ থাকবে। অর্থাৎ বারবার সিট ধরে রাখার চেষ্টা করলে সরাসরি নিষেধাজ্ঞা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, অতিরিক্ত বা অস্বাভাবিক রিকোয়েস্ট সার্ভারে চাপ তৈরি করে, যার ফলে অন্য যাত্রীরা টিকিট কাটতে গিয়ে ভোগান্তিতে পড়েন। কৃত্রিম ভিড় সৃষ্টি বা স্বয়ংক্রিয় সফটওয়্যার ব্যবহার করে সিট দখলের প্রবণতা ঠেকাতেই এই সীমা নির্ধারণ করা হয়েছে। এতে সাধারণ ব্যবহারকারীরা সমান ও স্বচ্ছ সুযোগ পাবেন বলে আশা করছে কর্তৃপক্ষ।
এ বছরের রমজান মাসটি ২৯ নাকি ৩০ দিনের হবে সে বিষয়েও চলছে আলোচনা। এমন অবস্থায় আসন্ন ঈদুল ফিতর আগামী শনিবার (২১ মার্চ) অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো)।
সংস্থাটির জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ১৯ মার্চ সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম। সে ক্ষেত্রে রমজান মাস ৩০ দিন পূর্ণ করবে এবং ২১ মার্চ ঈদুল ফিতর পালিত হতে পারে।